মোঃ আবিদ সরকার, জামালপুর
প্রকাশ: ১৯:৫৬, ১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৫৮, ১ নভেম্বর ২০২৬
রোববার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, জামালপুরের যৌথ উদ্যোগে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে জামালপুর শহরের বেলটিয়া বাজার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুব সংগঠনের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে দিবসের প্রতিপাদ্যসংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
পরে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আলোচনা সভা ও চেক-সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সজীব খান।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের দক্ষতা, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে প্রয়োজন যুগোপযোগী প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ এবং উদ্যোক্তা তৈরির পরিবেশ। যুবকদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানের একপর্যায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবকদের মধ্যে যুব ঋণের চেক ও যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র।
আয়োজকরা মনে করেন, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা গেলে বেকারত্ব হ্রাসের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে তাদের অবদান আরও বাড়বে।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, যুব সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।