গোপালগঞ্জের নাশকতার ঘটনায় সন্দেহ, ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৮:৪৫, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪৬, ২৭ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের নাশকতার ঘটনায় সন্দেহ, ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় ময়মনসিংহ নগরের একটি পুলিশ ফাঁড়ি থেকে সেলিম মিয়া নামে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তার ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে তাকে দায়িত্ব থেকে সরিয়ে ময়মনসিংহ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সেলিম মিয়া ময়মনসিংহ নগরের ২ নম্বর পুলিশ ফাঁড়িতে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। গত ৭ সেপ্টেম্বর তিনি ওই ফাঁড়িতে যোগ দেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়।

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান ওই কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাভাবিক প্রক্রিয়ায় তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে অভিযোগের সত্যতা প্রমাণিত না হওয়ায় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি।

অন্যদিকে, নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, গোপালগঞ্জের ঘটনায় সেলিম মিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে একটি গোয়েন্দা প্রতিবেদনে। এ কারণে তাকে প্রত্যাহার করে অভিযোগের বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে।

ওই কর্মকর্তা আরও জানান, জব্দ করা সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোন আদালতের মাধ্যমে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। ফোন দুটি পরীক্ষা করে ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

এদিকে, অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তা পুলিশি নজরদারিতে থাকায় এবং তার ব্যক্তিগত মোবাইল ফোন জব্দ করায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন