শান্ত মিয়া, জাজিরা (শরীয়তপুর)
প্রকাশ: ১৪:৩১, ৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে একটি হার্ডওয়্যারের দোকান, একটি খাবার হোটেল ও একটি চায়ের দোকান পুরোপুরি পুড়ে যায়।
স্থানীয়রা জানান, রাত পৌনে ১১টার দিকে বাজারের একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত চারপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খাবার হোটেল ও চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার থাকায় মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে জাজিরা উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে বাজারের অন্যান্য দোকানগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
ক্ষতিগ্রস্ত হার্ডওয়্যারের দোকানের মালিক মান্নান মাদবর কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার দোকানে প্রায় ১০ লাখ টাকার মালামাল ছিল, যার সবই পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমার আর কিছুই অবশিষ্ট নেই, কীভাবে এই ক্ষতি সামাল দেব বুঝতে পারছি না।"
প্রত্যক্ষদর্শী তামিম ফকির ও আলী আহাম্মদ খান জানান, আগুনের তীব্রতা বেশি থাকায় স্থানীয়দের পক্ষে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে ফায়ার সার্ভিস দ্রুত চলে আসায় বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গেছে।
জাজিরা উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম জানান, "সংবাদ পাওয়ার পরপরই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ এবং একটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।"
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে বিস্তারিত কারণ ও মোট ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।