চৌদ্দগ্রামে এসআরবির অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:০০, ২ নভেম্বর ২০২৬

চৌদ্দগ্রামে এসআরবির অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেফতার ৪

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক অভিযান চালিয়ে ১১১ কেজি গাঁজা ও ৫৪ বোতল বিদেশি মদসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭, চট্টগ্রাম ও এসআরবি-১১, নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কার্গো ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে চৌদ্দগ্রাম থানা এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি চালানো হয় চৌদ্দগ্রাম থানার বাবুর্চি বাজারের হোটেল বাইপাসের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে। রাত আনুমানিক ১টা ৫ মিনিটে ঢাকাগামী একটি সন্দেহভাজন কার্গো ট্রাক থামানোর সংকেত দিলে ট্রাকের চালক ও তাঁর পাশের আসনে থাকা ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁদের আটক করা হয়। পরে ট্রাকের পেছনের অংশ থেকে ১১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আজম আলী (৪০) ও মো. ডাবলু (৪০)। আজম আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার হাজারবিঘী এলাকার মো. আবু তালেপের ছেলে। ডাবলু একই থানার আজগবী এলাকার মো. খলিলের ছেলে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ১০ হাজার টাকা।

অন্যদিকে, রাত আনুমানিক ৪টা ১০ মিনিটে চৌদ্দগ্রাম থানার বিজয়করা বাজারের তিন রাস্তার মোড়ে দ্বিতীয় অভিযান চালানো হয়। গাংরা এলাকা থেকে নাঙ্গলকোটের দিকে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা থামানোর সংকেত দিলে চালক ও পেছনের আসনে থাকা এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁদের আটক করে এসআরবি সদস্যরা। পরে অটোরিকশার যাত্রী আসনের পেছনে বিশেষ কৌশলে রাখা ছয়টি কার্টন থেকে ৫৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা হলেন কুমিল্লার নাঙ্গলকোট থানার শুভপুর এলাকার নুরুল ইসলামের ছেলে সাগর হোসেন (২৮) এবং নোয়াখালীর সেনবাগ থানার এনায়েতপুর এলাকার মৃত জিল্লুর রহমানের ছেলে জয়নাল আবেদীন (২৭)।

গ্রেফতার চারজন ও উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন