রংপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮:৪১, ২৯ সেপ্টেম্বর ২০২৬
রংপুর জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, শিক্ষাই একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির সবচেয়ে বড় ভিত্তি। তাই শিক্ষাকে যুগোপযোগী, মানসম্মত ও কর্মমুখী করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়। শিক্ষার্থীদের জ্ঞান, মেধা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ করে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক। তাই শিক্ষার্থীদের প্রচলিত শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষায় এগিয়ে নিতে হবে। শিক্ষার আলো যেন শহর ও গ্রামের মধ্যে কোনো বৈষম্য সৃষ্টি না করে—সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।
তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীকে শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; তাকে ভালো মানুষ হতে হবে। সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের শিক্ষা পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিশ্চিত করতে হবে। শিক্ষকদেরও শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের পথ দেখাতে হবে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মীর শাহে আলম বলেন, আজকের এই অর্জন তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এখানেই থেমে গেলে চলবে না। সামনে উচ্চশিক্ষার আরও বড় পথ, আরও বড় চ্যালেঞ্জ। তোমাদের মেধা ও পরিশ্রমকে দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে তাদের প্রতিভা ও আগ্রহকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, অপরাধ ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সৃজনশীল কর্মকাণ্ড, খেলাধুলা ও জ্ঞানচর্চায় সম্পৃক্ত করার আহ্বান জানান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর জেলা পরিষদের আয়োজনে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অন্তত ১৩০০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।