প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রচেষ্টায় উন্নতির পথে গ্রাম পুলিশিং

সৌরভ দাশগুপ্ত

প্রকাশ: ১৯:৫৯, ১০ নভেম্বর ২০২৬

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রচেষ্টায় উন্নতির পথে গ্রাম পুলিশিং

দীর্ঘদিনের অবহেলা আর সীমিত সুযোগ-সুবিধার অবসান ঘটিয়ে নতুন সম্ভাবনার পথে দেশের গ্রাম পুলিশ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও  নেতৃত্বাধীন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের  বিশেষ তৎপরতায় অবশেষে বাড়ছে তৃণমূলের এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা।

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ভাষ্যমতে- এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হবার পর থেকেই গ্রাম পুলিশে ৪৬ হাজার সদস্যের উন্নয়নে নানামুখী আলোচনা ও পর্যালোচনা তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আনেন। এতে সাড়া দেন সরকারপ্রধান। 

অবশেষে সরকারের নতুন সিদ্ধান্তে দেশের ৪ হাজার ৫৭৮টি ইউনিয়নের ৪৫ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ সদস্য উপকৃত হবেন।

নতুন কাঠামোতে সাধারণ গ্রাম পুলিশের মাসিক বেতন ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের বেতন ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যুক্ত হয়েছে মাসে ২০০ টাকা মোবাইল ভাতা। পাঁচ বছরের পরিবর্তে এখন থেকে প্রতি তিন বছর পরপর পাবেন নতুন সাইকেল।

এ ছাড়া নারী গ্রাম পুলিশ সদস্যদের জন্য রাখা হয়েছে পূর্ণ বেতনে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি। বাড়ানো হয়েছে অবসরকালীন আনুতোষিক ভাতাও। সাধারণ সদস্যরা পাবেন ৮০ হাজার এবং গ্রাম পুলিশ প্রধানরা পাবেন এক লাখ টাকা।

গত ৭ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান এসব সুবিধার ঘোষণা দেন। পরদিন স্থানীয় সরকার বিভাগের পরিপত্রের মাধ্যমে শুরু হয় বাস্তবায়ন প্রক্রিয়া।

দীর্ঘদিনের অবহেলার পর এমন সুযোগ-সুবিধা পেয়ে খুশি গ্রাম পুলিশ সদস্যরা। তাদের প্রত্যাশা, নতুন উদ্যোগে বাড়বে পেশাগত মর্যাদা ও কর্মস্পৃহা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন