বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩:৫৮, ১০ নভেম্বর ২০২৬
বাজি পোড়ানো ব্যক্তিদের জেলে পাঠানোর দাবি জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন উরফি জাভেদ। সেই পোস্টে ক্ষোভ উগরে দিয়ে তিনি লিখেছেন— কয়েকজনের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য বাকিদেরও দূষণের ভোগান্তি পোহাতে হচ্ছে।
দিল্লির পাশাপাশি মুম্বাইয়ের বাতাসের মান নিয়েও উদ্বেগ বাড়ছে। দীপাবলির পর দুই শহরেই দূষণের মাত্রা বেড়েছে। দিল্লির একাধিক এলাকায় বাতাসের গুণমান গুরুতর পর্যায়ে পৌঁছেছে। উৎসবের আগে সবুজ বাজি পোড়ানোর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হলেও রাতভর বাজি ফাটানোর অভিযোগ উঠেছে। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও নানা জায়গায় বাজি পোড়ানো হয়েছে।
শুধু উরফি নন, দীপাবলির পর বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী ভূমি পেডনেকরও। সামাজিক মাধ্যমে পোস্ট করে অভিনেত্রী লিখেছেন— দীপাবলি আলো, ভালোবাসা, পরিবার এবং নতুন শুরুর উৎসব। কিন্তু প্রতি বছর উৎসবের পর দূষিত বাতাস, বাজির বর্জ্য, শব্দদূষণ এবং আতঙ্কিত পশুপাখির সমস্যা সামনে আসে।
তিনি বলেন, বাজি থেকে নির্গত ক্ষুদ্র কণা বাতাসের গুণমান আরও খারাপ করে তোলে। বিশেষ করে শিশু ও প্রবীণ, শ্বাসকষ্টের সমস্যায় ভোগা মানুষ এবং পশুপাখিদের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে।