ডুমুরিয়ায় পল্লীচিকিৎসকে কুপিয়ে জখম,টাকা ছিনতাইয়ের অভিযোগ

এস কে রবিউল ইসলাম, খুলনা

প্রকাশ: ২৩:১৯, ১০ নভেম্বর ২০২৬

ডুমুরিয়ায় পল্লীচিকিৎসকে কুপিয়ে জখম,টাকা ছিনতাইয়ের অভিযোগ

খুলনার ডুমুরিয়ায় কম দামে সিলিং ফ্যান কেনার প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে সাইফুল ইসলাম (৫০) নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পাটকেলপোতা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাইফুল ইসলাম বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার শেখ ইকরাম উদ্দিনের ছেলে।

আহত সাইফুলের ভাষ্য অনুযায়ী, একটি প্রতারক চক্র তাঁকে জানায়, ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় সিলিং ফ্যান তৈরির কারখানা রয়েছে। সেখান থেকে কম দামে ফ্যান কেনার সুযোগ রয়েছে। এ প্রলোভনে পড়ে তিনি বাগেরহাট থেকে মোটরসাইকেলে ডুমুরিয়ার উদ্দেশে রওনা হন। আলী ও মহাসীন নামের দুই ব্যক্তি তাঁকে মোটরসাইকেলে করে নিয়ে আসে।

স্থানীয় সূত্রে জানায়, গুটুদিয়া ওয়াপদার মাথা থেকে শলুয়া সড়কে প্রবেশের পর প্রায় এক কিলোমিটার দূরে পাটকেলপোতা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলটির গতিরোধ করে। এরপর সাইফুলকে মোটরসাইকেল থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। দুর্বৃত্তরা তাঁর গলা ও নাকে কোপ দিয়ে গুরুতর জখম করে এবং সঙ্গে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় তাঁর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে গুটুদিয়া গ্রামের ভ্যানচালক মোহাম্মদ আলী রাস্তার পাশে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় তিনি দ্রুত ভ্যানে করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতালে সাংবাদিকদের কাছে আহত সাইফুল ইসলাম বলেন, বাগেরহাট থেকে আলী ও মহাসীন নামের দুই ব্যক্তি তাঁকে মোটরসাইকেলে করে ডুমুরিয়ায় নিয়ে আসেন। হামলার পর তাঁদের আর খুঁজে পাননি তিনি। কম দামে ফ্যান কেনার কথা বলে তাঁকে প্রতারণার ফাঁদে ফেলা হয়েছে বলেও জানান তিনি।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খন্দকার হাফিজুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে পৌঁছায়। আহত ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন