আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩:৩১, ১১ নভেম্বর ২০২৬
বুধবারের (১১ নভেম্বর) এ ধর্মঘটে দেশজুড়ে পরিবহনসহ বিভিন্ন সরকারি ও জনসেবা কার্যক্রমে ব্যাপক বিঘ্ন ঘটে।
বুধবার দিনভর বিভিন্ন স্থানে বিক্ষোভেরও পরিকল্পনা ছিল। সবচেয়ে বড় বিক্ষোভ হওয়ার কথা ছিল রাজধানী মাদ্রিদ ও বার্সেলোনায়। আগামী ২৯ নভেম্বর দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধান শ্রমিক ইউনিয়ন ইউজিটির প্রধান পেপে আলভারেজ ধর্মঘটকে সফল দাবি করে বলেন, এতে ‘ব্যাপক’সংখ্যক মানুষ অংশ নিয়েছেন। আরেক শ্রমিক সংগঠন সিসি ওওর নেতা উনাই সোরদো বলেন, ধর্মঘটে অংশগ্রহণের হার ছিল ‘খুবই উল্লেখযোগ্য’।
তবে স্প্যানিশ কনফেডারেশন অব বিজনেস অর্গানাইজেশন্সের দাবি, ধর্মঘটে অংশগ্রহণ ছিল ‘কম এবং অসম’। অঞ্চল ও খাতভেদে এতে অংশগ্রহণের হার ভিন্ন ছিল বলে জানিয়েছে সংগঠনটি।
বুধবার সবচেয়ে বেশি অচলাবস্থা দেখা গেছে মাদ্রিদ ও উত্তর-পূর্বাঞ্চলীয় কাতালোনিয়ার প্রধান শিল্পাঞ্চলগুলোতে। এসব এলাকার বেশ কয়েকটি প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন ঘটনায় কয়েক ডজন মানুষকে গ্রেফতার করা হয়েছে। স্পেনের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, কয়েকটি আবাসন প্রতিষ্ঠানের কার্যালয়েও হামলা হয়েছে।
সাশ্রয়ী আবাসনের দাবিতে এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভের জেরেই এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। এর সূত্রপাত মাদ্রিদের একটি ফ্ল্যাট থেকে ৮৭ বছর বয়সি মারিকারমেন আবাসকালকে উচ্ছেদের ঘটনায়। ওই ফ্ল্যাটে তিনি সাত দশক ধরে বসবাস করছিলেন। উচ্ছেদের কয়েক সপ্তাহ পর হাসপাতালে মারা যান তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে রাজধানী মাদ্রিদে বাড়িভাড়া ব্যাপক বেড়েছে। আবাসনবিষয়ক ওয়েবসাইট আইডিয়ালিস্তার তথ্য অনুযায়ী, অক্টোবরে মাদ্রিদে ৫০ বর্গমিটারের একটি ফ্ল্যাটের গড় মাসিক ভাড়া ছিল ১ হাজার ১৭০ ইউরো। অন্যদিকে স্পেনে গড় মাসিক মোট বেতন প্রায় ২ হাজার ৪৬০ ইউরো।
অর্থাৎ গড় বেতনের প্রায় অর্ধেকই ব্যয় হচ্ছে বাড়িভাড়ায়। আবাসন বিশেষজ্ঞ ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সুপারিশ করা সাশ্রয়ী আবাসনের ৩০ শতাংশ সীমার চেয়ে এ হার অনেক বেশি।
নির্বাচনের আগে রাজনৈতিক বিতর্ক
পার্লামেন্টে আবাসন সংস্কার পরিকল্পনা অনুমোদন না হওয়ায় গত মাসে আগাম নির্বাচনের ঘোষণা দেন সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
২০১২ সালে রক্ষণশীল সরকারের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের আমলের পর স্পেনে আর কোনো সাধারণ ধর্মঘট হয়নি।
আগের ধর্মঘটগুলো ক্ষমতাসীন সরকারের জন্য সমস্যার কারণ হলেও এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। প্রধানমন্ত্রী সানচেজ ও তার মন্ত্রীরা বরং শ্রমিকদের কাজে বিরতি দিয়ে সাশ্রয়ী আবাসনের দাবিতে আন্দোলনে নামতে উৎসাহিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সানচেজ লিখেছেন, ‘আপনাদের আট ঘণ্টার কর্মদিবস, পেনশন, সরকারি স্বাস্থ্যসেবা—এসবই সম্মিলিত আন্দোলনের অর্জন।’ আগের ধর্মঘটগুলোতে অংশ নেওয়া ব্যক্তিদের প্রশংসাও করেন তিনি।
তবে রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) সরকারের বিরুদ্ধে নির্বাচনী সুবিধা পেতে ধর্মঘটকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ তুলেছে।
দলটির নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো ধর্মঘটকে ‘অর্থহীন’ বলে অভিহিত করেছেন। শ্রমিক ইউনিয়নগুলোকে ‘মাফিয়া’ ও ‘আবর্জনা’ বলেও মন্তব্য করেছেন তিনি।
জনমত জরিপে এগিয়ে রয়েছে ফেইহোর দল। দলটির মুখপাত্র মিগেল তেয়াদো অভিযোগ করেছেন, ডানপন্থি সরকার গঠনের সম্ভাবনা ঠেকাতে ভোটারদের সতর্ক করার উদ্দেশ্যে সরকার ধর্মঘটকে কাজে লাগাচ্ছে। আগামী ২৯ নভেম্বরের নির্বাচনে ডানপন্থিদের সরকার গঠনের সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।
এর জবাবে সানচেজ চলতি সপ্তাহে স্পেনের একটি টেলিভিশনকে বলেন, ‘শ্রমিকদের ধর্মঘট করার অধিকার নিয়ে প্রশ্ন তোলাটাই বরং অর্থহীন।’
দিনের শেষভাগে স্পেনের বড় শহরগুলোতে বিক্ষোভ কর্মসূচি পালনের কথা ছিল। নির্বাচনের আগে সাধারণ মানুষের অসন্তোষের মাত্রা বোঝার ক্ষেত্রে এসব কর্মসূচিতে অংশগ্রহণের হারকে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখা হচ্ছে।
ধর্মঘটে মানুষের অংশগ্রহণের আরেকটি গুরুত্বপূর্ণ সূচক হলো স্পেনের শিল্প খাতে বিদ্যুতের চাহিদা। দেশটির বিদ্যুৎ পরিচালনাকারী সংস্থা রেড এলেকট্রিকার তথ্য অনুযায়ী, বুধবার ভোরের দিকে স্পেনে বিদ্যুতের ব্যবহার ৭ দশমিক ৫ শতাংশ কমে যায়।
এর ১৪ বছর আগে সর্বশেষ সাধারণ ধর্মঘটের সময় একই সময়ে বিদ্যুতের ব্যবহার ১৫ শতাংশের বেশি কমেছিল। সূত্র: বিবিসি