মির্জাপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

আব্দুল কাদের, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৩:২০, ১১ নভেম্বর ২০২৬

মির্জাপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে প্রাইভেট পড়ানোর আড়ালে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. সবুজ (৪৫) নামে এক গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার উয়ার্শী ইউনিয়নের মৈশামূড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার সবুজ জেলার দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানি গ্রামের গাজী মিয়ার ছেলে। তিনি মৈশামূড়া বাজারে একটি ফটোকপি ও স্টেশনারির দোকান পরিচালনা করতেন। ওই দোকানেই কয়েকজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন স্কুল ছুটির পর ওই শিশুসহ তার দুই সহপাঠী প্রাইভেট পড়তে অভিযুক্তের দোকানে যায়। নির্ধারিত সময় পার হলেও মেয়ে বাড়িতে ফিরে না আসায় তার মা খোঁজ নিতে দোকানে যান। সেখানে গিয়ে দোকানের শাটার বন্ধ দেখতে পান। পরে শাটার খুলে ভেতরে নিজের মেয়েকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান।

এ সময় শিশুটি দোকান থেকে বেরিয়ে মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। পরে মায়ের কাছে শিশুটি অভিযোগ করে, অভিযুক্ত ব্যক্তি তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেছেন।

মেয়ের কাছ থেকে এমন অভিযোগ শোনার পর মা আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে অভিযুক্ত সবুজকে আটক করেন। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ বিষয়ে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, গত সোমবার (৯ নভেম্বর) উপজেলার নতুন কহেলা গ্রামে নতুন কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে তপন সরকার নামে এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। পরপর এমন ঘটনায় পুরো মির্জাপুর উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন