মোঃ ফরিদ আহমেদ , নেছারাবাদ (পিরোজপুর):
প্রকাশ: ২২:৩২, ১১ নভেম্বর ২০২৬
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুরুত্বপূর্ণ স্বরূপকাঠী-ইন্দেরহাট ফেরিঘাটে পারাপারে ভোগান্তি, নৈরাজ্য ও চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে ফেরি পরিচালনায় নিয়োজিত স্টাফদের বিরুদ্ধে। ধারণক্ষমতার বহুগুণ অতিরিক্ত যাত্রী ও যানবাহন পারাপার করায় প্রতিদিন নদীর বুকে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন শত শত সাধারণ মানুষ। এ সংক্রান্ত সংবাদ ও তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় সাংবাদিকদের সাথে একাধিকবার অসদাচরণ ও লাঞ্ছনার ঘটনা ঘটেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, নির্ধারিত ধারণক্ষমতার তোয়াক্কা না করে ক্ষমতার দাপটে অতিরিক্ত যাত্রী ও যানবাহন তোলা হচ্ছে ফেরিতে, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, ঘাটে প্রতিনিয়ত শিডিউল বিপর্যয় ও অনিয়ম নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। ফেরিতে যাত্রী ও মালবাহী গাড়ি লোড দেওয়ার পরও প্রায় পঞ্চাশ মিনিট অতিক্রম হওয়ার পরও ফেরি ছেড়ে যাওয়ার নাম নেই। অভিযোগ উঠেছে, বাড়তি আয়ের লোভে কিংবা দায়সারা মনোভাবের কারণে ফেরির স্টাফরা ধারণক্ষমতার দ্বিগুণ-তিনগুণ বেশি যাত্রী চাপিয়ে ফেরি ছাড়ছেন। ঘাটে পর্যাপ্ত তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সাধারণ যাত্রীদের মারাত্মক নিরাপত্তার ঝুঁকিতে পড়তে হচ্ছে।
আজগর নামে এক ক্ষুব্ধ যাত্রী জানান, "নদীতে নামলে বোঝা যায় কত বড় ঝুঁকিতে আমরা আছি। ফেরির স্টাফদের অতিরিক্ত যাত্রী তুলতে নিষেধ করলে তারা উল্টো সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করে।"
ফেরিঘাটের অনিয়ম ও যাত্রীদের এই দুর্ভোগের চিত্র গণমাধ্যমে তুলে ধরতে গিয়ে সংবাদকর্মীরাও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হচ্ছেন। আজ বুধবার দৈনিক মুক্তখবরের উপজেলা প্রতিনিধি মোঃ মাহমুদুল হাসান মিলন তথ্য ও ভিডিও চিত্র সংগ্রহ করতে গেলে ফেরির স্টাফরা তার কাজে বাধা দেয় এবং তার সাথে চরম অসদাচরণ করে। প্রত্যক্ষদর্শীদের মতে, অনিয়ম ও বিশৃঙ্খলা ধামাচাপা দিতেই স্টাফরা সাংবাদিকদের ওপর চড়াও হয় এবং হেনস্তা করার চেষ্টা চালায়।
স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানান, "ইন্দেরহাট ফেরিঘাটের অব্যবস্থাপনা এখন চরমে। আমরা যখন সাধারণ মানুষের ভোগান্তি ও ঝুঁকির ছবি তুলতে যাই, তখন সেখানকার দায়িত্বরত স্টাফরা চরম অশালীন আচরণ করেন। একটি দায়িত্বশীল সেবামূলক প্রতিষ্ঠানে এমন গুন্ডামি মেনে নেওয়া যায় না।"
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক আহমেদ জানান, "ফেরিঘাটের অনিয়ম ও সাংবাদিকের সাথে দুর্ব্যবহারের কথা শুনেছি। এ ঘটনার একটি ভিডিও হাতে পেয়েছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে "
সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর চড়াও হওয়া এবং ফেরিঘাটের সার্বিক নিরাপত্তাহীনতা নিয়ে স্থানীয় সুশীল সমাজ ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে এই অনিয়মের তদন্ত, দোষী স্টাফদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন এলাকাবাসী।