ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ অন্তত ৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩:৫৯, ১২ নভেম্বর ২০২৬

ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ অন্তত ৫

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। প্রাণ হারিয়েছেন একজন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শহরের ব্যস্ত এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্তকে আটক করেছে বলে জানা গেছে।

পুলিশের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানান, সন্দেহভাজন ব্যক্তি একজন শ্বেতাঙ্গ পুরুষ। হামলার পর তিনি কাছের একটি অ্যাপার্টমেন্ট ভবনে গিয়ে নিজেকে অবরুদ্ধ করেন। পুলিশ ফোনে তার সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণের জন্য আলোচনা করছিল। এ সময় কর্মকর্তারা গুলির শব্দ শুনতে পান।

পরে কক্ষে প্রবেশ করে পুলিশ দেখতে পায়, ওই ব্যক্তি নিজেকেই গুলি করেছেন। পুলিশ তাকে আটক করেছে বলে জানান ক্যারল।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ২৩ মিনিটে ওয়াশিংটনের ১৫ স্ট্রিট নর্থওয়েস্ট ও পি স্ট্রিটের সংযোগস্থলে এ ঘটনা ঘটে। বাংলাদেশ সময় তখন সন্ধ্যা ৭টা ২৩ মিনিট।

ঘটনাস্থলে থাকা আল জাজিরার প্রতিবেদক জানান, হামলার পর এফবিআই ও সিক্রেট সার্ভিসসহ স্থানীয় ও কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে ফেলেন। সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে অভিযান চালানো হয়।

প্রত্যক্ষদর্শী জেমস স্পেলম্যান বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, ঘটনার সময় তিনি ওই এলাকার একটি জিমে ছিলেন। সেখানে প্রায় ৫০ জন মানুষ উপস্থিত ছিলেন।

স্পেলম্যান বলেন, গুলির শব্দ শোনার কয়েক সেকেন্ডের মধ্যেই একজনকে মাটিতে পড়ে যেতে দেখেন তিনি। তার শরীর থেকে রক্ত বের হচ্ছিল। জিমের আরেক সদস্য তাকে সাহায্য করতে এগিয়ে যান। তবে গুলিবিদ্ধ ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, নিহত ব্যক্তির ঘাড়ে গুলি লেগেছিল। জিমের ভেতরে তিনি প্রায় দুটি গুলির শব্দ শুনেছেন। পরে বাইরে আরও পাঁচ থেকে ছয়টি গুলির শব্দ শোনা যায়।

ঘটনাস্থলটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজ থেকে প্রায় ১ দশমিক ৬ কিলোমিটার দূরে। ব্যস্ত সময়ে হামলার ঘটনা ঘটায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের কাছের কয়েকটি স্কুলে লকডাউন জারি করা হয়। পাশাপাশি পুলিশ সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেয়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, নিকটবর্তী কোনো ভবনের ভেতরে প্রবেশ করতে হবে। জানালা থেকে দূরে থাকতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরের ভেতরেই অবস্থান করতে হবে।

সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন