ঋণ, দারিদ্র্য ও বিনিয়োগ সংকটে ডুবছে পাকিস্তানের অর্থনীতি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২:৪৮, ১২ নভেম্বর ২০২৬

ঋণ, দারিদ্র্য ও বিনিয়োগ সংকটে ডুবছে পাকিস্তানের অর্থনীতি

অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসার নানা প্রচারণা থাকলেও পাকিস্তানের অর্থনীতির মৌলিক সূচকগুলো এখনো গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে। মাথাপিছু আয় স্থবির, বিনিয়োগে ভাটা, রপ্তানি আয় দুর্বল এবং সরকারি ঋণের বোঝা ক্রমেই বাড়ছে।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অর্থনীতিকে অনেকটা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে ছাড়া পাওয়া রোগীর সঙ্গে তুলনা করা যায়, যার সুস্থতা এখনো নিশ্চিত নয়।

২০২৪ সাল থেকে দেশটির মাথাপিছু জিডিপি প্রবৃদ্ধি প্রায় শূন্যের কাছাকাছি রয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ পরিস্থিতি অন্যতম দুর্বল। আমদানিনির্ভর সাময়িক অর্থনৈতিক প্রবৃদ্ধিও দীর্ঘমেয়াদে টেকসই হয়নি।

এর ফলে বৈদেশিক মুদ্রার ওপর চাপ বেড়েছে এবং অর্থনৈতিক সংকট সামাল দিতে আবারও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ ও শর্তের ওপর নির্ভর করতে হচ্ছে ইসলামাবাদকে। এতে নিম্ন প্রবৃদ্ধি, ঋণনির্ভরতা ও অর্থনৈতিক দুর্বলতার চক্র আরও দীর্ঘ হচ্ছে।

একসময় মাথাপিছু জিডিপির হিসাবে দক্ষিণ এশিয়ার তুলনামূলক এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে ছিল পাকিস্তান। কিন্তু বর্তমানে আঞ্চলিক প্রতিযোগিতায় দেশটির অবস্থান ক্রমেই পিছিয়ে পড়ছে। মানুষের আয় না বাড়ায় দারিদ্র্যও বিস্তৃত হচ্ছে। আলোচ্য বিশ্লেষণে পাকিস্তানে চরম দারিদ্র্যের হার ২৩ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। ২০১১ সালে ভারতের সঙ্গে দেশটির চরম দারিদ্র্যের হার প্রায় কাছাকাছি থাকলেও বর্তমানে ব্যবধান অনেক বেড়েছে। বিশ্লেষণ অনুযায়ী, পাকিস্তানে এ হার ভারতের তুলনায় প্রায় ১০ গুণ।

দেশটির অর্থনীতির কাঠামোগত দুর্বলতাও সংকটকে আরও ঘনীভূত করছে। পাকিস্তানের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৮২ শতাংশ ভোগব্যয়ের ওপর নির্ভরশীল। বিপরীতে বিনিয়োগের হার মাত্র ১৪ শতাংশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ দুটি সূচকেই পাকিস্তানের অবস্থান দুর্বল। অন্যদিকে ভারত ও চীন তাদের জিডিপির ৩০ শতাংশের বেশি বিনিয়োগ করে উৎপাদন, অবকাঠামো ও কর্মসংস্থান সম্প্রসারণে কাজ করছে।

পাকিস্তানে দীর্ঘদিন ধরে শিল্প খাতের সম্প্রসারণও সীমিত। গত পাঁচ দশকের বেশি সময় ধরে জিডিপিতে শিল্প খাতের অবদান প্রায় এক-পঞ্চমাংশের কাছাকাছি আটকে রয়েছে। অথচ ভারত ও শ্রীলঙ্কায় এ হার প্রায় এক-চতুর্থাংশ এবং বাংলাদেশে প্রায় এক-তৃতীয়াংশ। শিল্পায়নের গতি কম থাকায় নতুন কর্মসংস্থান, প্রযুক্তির বিকাশ ও রপ্তানি সক্ষমতা বাড়ানো কঠিন হয়ে পড়েছে।

তবে শুধু বিনিয়োগের পরিমাণ নয়, পুঁজির উৎস ও ব্যবহারের ধরনও পাকিস্তানের অর্থনৈতিক সংকটের অন্যতম কারণ। দেশীয় সঞ্চয় ও বিনিয়োগ বাড়ানোর পরিবর্তে বিদেশি পুঁজির ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হয়েছে। অথচ বিদেশি বিনিয়োগের মূল উদ্দেশ্য হওয়া উচিত বৈদেশিক মুদ্রা আয় বাড়ানো, আমদানি ব্যয় সাশ্রয়, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় উৎপাদন সক্ষমতা উন্নত করা।

বিশ্লেষণে বলা হয়েছে, পাকিস্তানে বিদেশি পুঁজি মূলত অভ্যন্তরীণ বাজারকেন্দ্রিক বিভিন্ন খাতে প্রবেশ করছে। এসব বিনিয়োগ থেকে প্রত্যাশিত বৈদেশিক মুদ্রা আয় না হলে দীর্ঘ মেয়াদে মুনাফা বিদেশে পাঠানোর কারণে রিজার্ভের ওপর উল্টো চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে বৈচিত্র্যময় বেসরকারি বিনিয়োগ ও দেশীয় পুঁজির বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে অর্থনীতি একদিকে পুঁজিসংকটে পড়ছে, অন্যদিকে বিদেশি ঋণ ও বিনিয়োগের শর্তের ওপর নির্ভরশীল হয়ে উঠছে।

রপ্তানি খাতের দুর্বলতা পাকিস্তানের সংকটকে আরও প্রকট করেছে। ১৯৯২ সালে জিডিপিতে রপ্তানির অবদান সর্বোচ্চ ১৭ শতাংশে পৌঁছেছিল। বর্তমানে তা ১০ শতাংশের নিচে নেমে এসেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ হার অন্যতম সর্বনিম্ন। শুধু রপ্তানির পরিমাণ নয়, পণ্যের বৈচিত্র্য ও প্রযুক্তিগত মানের ঘাটতিও বড় সমস্যা।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক কমপ্লেক্সিটি ইনডেক্সে ১৪৫টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ৮৯তম। এ অবস্থান দেশটির রপ্তানি পণ্যের সীমিত বৈচিত্র্য ও তুলনামূলক কম প্রযুক্তিগত সক্ষমতার ইঙ্গিত দেয়। ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করে রপ্তানি আয় বাড়ানো কঠিন হয়ে পড়ছে। রপ্তানি আয় দিয়ে আমদানি ব্যয় সামাল দিতে না পারায় বাণিজ্য ঘাটতিও বাড়ছে।

এ পরিস্থিতিতে প্রবাসী আয় বা রেমিট্যান্স অর্থনীতিকে কিছুটা স্বস্তি দিচ্ছে। কিন্তু রেমিট্যান্স ও রপ্তানি আয়ের অর্থনৈতিক ভূমিকা এক নয়। রপ্তানিমুখী শিল্প দেশে কর্মসংস্থান সৃষ্টি করে, উৎপাদন সক্ষমতা বাড়ায়, বৈদেশিক মুদ্রা অর্জন করে এবং সরকারের রাজস্ব আয়ে অবদান রাখে। বিপরীতে রেমিট্যান্স মূলত প্রবাসীদের পাঠানো অর্থ, যা পরিবারের ভোগব্যয় ও জীবনযাত্রার মান বজায় রাখতে সহায়তা করে। তবে এটি সরাসরি দেশের উৎপাদনশীল কর্মসংস্থান তৈরির বিকল্প নয়।

পাকিস্তানে রেমিট্যান্সের পরিমাণ প্রায় রপ্তানি আয়ের সমপর্যায়ে পৌঁছেছে। অথচ ভারতের রেমিট্যান্স আয়ের তুলনায় রপ্তানি আয় প্রায় ছয় গুণ বেশি। এ পার্থক্য দুই দেশের উৎপাদন ও রপ্তানিভিত্তিক অর্থনীতির সক্ষমতার ব্যবধান তুলে ধরে। রেমিট্যান্সের ওপর অতিরিক্ত নির্ভরতা সত্ত্বেও পাকিস্তানকে বারবার বৈদেশিক লেনদেনের ঘাটতির মুখে পড়তে হচ্ছে।

সরকারি রাজস্ব ও ব্যয়ের ক্ষেত্রেও সংকট গভীর। দেশটির রাজস্ব আয় জিডিপির মাত্র ১১ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম সর্বনিম্ন। করব্যবস্থার দুর্বলতা এবং প্রভাবশালী বিভিন্ন খাতের সীমিত কর অবদানের কারণে সরকারের আয় বাড়ানো কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে নতুন প্রত্যক্ষ করের চাপ পড়ছে চাকরিজীবী ও আনুষ্ঠানিক শিল্প খাতের ওপর।

সরকারি ব্যয়ের কাঠামোতেও উন্নয়নমূলক কার্যক্রমের চেয়ে পরিচালন ব্যয় বেশি গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষণে বলা হয়েছে, কেন্দ্রীয় বাজেটের প্রতি এক টাকার মধ্যে ৯০ পয়সার বেশি ব্যয় হচ্ছে পরিচালন ও অনুৎপাদনশীল খাতে। বিপরীতে উন্নয়ন খাতে বরাদ্দ থাকছে মাত্র পাঁচ পয়সার মতো। ফলে অবকাঠামো, শিক্ষা, প্রযুক্তি ও উৎপাদন খাতে প্রয়োজনীয় বিনিয়োগের সুযোগ সীমিত হয়ে পড়ছে।

রাজস্ব ও বাণিজ্য ঘাটতির পাশাপাশি ঋণের বোঝাও পাকিস্তানের অর্থনীতিকে চাপে ফেলছে। দেশটির সরকারি ঋণ ও জিডিপির অনুপাত প্রায় ৭৩ শতাংশ। জাপান ও সিঙ্গাপুরের মতো দেশের ঋণের অনুপাত এর চেয়ে বেশি হলেও পাকিস্তানের ক্ষেত্রে ঋণ পরিশোধের সক্ষমতা বড় উদ্বেগের বিষয়। কারণ, সরকারের রাজস্ব আয়ের তুলনায় ঋণের সুদ পরিশোধে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে।

বর্তমানে শুধু উন্নয়ন ও নিয়মিত ব্যয় মেটাতেই নয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতেও ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে পাকিস্তানকে। আইএমএফের ঋণ এবং বিভিন্ন দেশের আমানত ও আর্থিক সহায়তার বিনিময়ে কঠোর অর্থনৈতিক শর্ত মেনে চলতে হচ্ছে ইসলামাবাদকে। এতে অর্থনৈতিক নীতিনির্ধারণে সরকারের স্বাধীনতাও সীমিত হচ্ছে।

কম বিনিয়োগের কারণে উৎপাদন ও রপ্তানি বাড়ছে না। ফলে বৈদেশিক মুদ্রার ঘাটতি পূরণে আবারও ঋণ নিতে হচ্ছে। সেই ঋণের সুদ পরিশোধে বাজেটের বড় অংশ ব্যয় হওয়ায় নতুন বিনিয়োগের জন্য অর্থ থাকছে কম। এভাবেই ঋণ, ঘাটতি ও নিম্ন প্রবৃদ্ধির একটি দুষ্টচক্রে আটকে পড়েছে পাকিস্তানের অর্থনীতি।

বিশ্লেষণের শেষাংশে দেশটির অর্থনৈতিক সংকটের পেছনে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক দুর্বলতাকেও দায়ী করা হয়েছে। বলা হয়েছে, পাকিস্তানে উন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার মতো কার্যকর রাষ্ট্রীয় কাঠামো গড়ে ওঠেনি। বরং ক্ষমতাসীন প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থ, দুর্বল শাসনব্যবস্থা এবং জবাবদিহির অভাব অর্থনৈতিক সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষকের মতে, এটি কেবল অর্থনৈতিক অদক্ষতার ফল নয়; বরং রাজনৈতিক ক্ষমতা ও স্বার্থের সঙ্গে জড়িয়ে থাকা কাঠামোগত সমস্যার বহিঃপ্রকাশ। অতীতেও পাকিস্তান সাময়িক প্রবৃদ্ধি অর্জন করেছে। কিন্তু উৎপাদন ও রপ্তানির ভিত্তি শক্তিশালী না হওয়ায় সেই প্রবৃদ্ধি দীর্ঘস্থায়ী হয়নি। বরং রাজনৈতিক সংঘাত ও অর্থনৈতিক অনিশ্চয়তা পরবর্তী অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে।

পাকিস্তানের অর্থনীতিকে টেকসই পথে ফেরাতে দেশীয় বিনিয়োগ বাড়ানো, শিল্পায়ন ত্বরান্বিত করা, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা, করব্যবস্থায় সংস্কার এবং সরকারি ব্যয়ে উন্নয়ন খাতকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন রয়েছে। তবে এসব পরিকল্পনা বাস্তবায়নে সবচেয়ে বড় প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, দক্ষ নেতৃত্ব ও কার্যকর জবাবদিহি।

সূত্র: ডন

আরও পড়ুন