নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:১৮, ১২ নভেম্বর ২০২৬
প্রতিবেদন অনুযায়ী, হেরাতের এক বাসিন্দা ফরিদা (ছদ্মনাম) দাঁতের ব্যথা নিয়ে একটি ডেন্টাল ক্লিনিকে চিকিৎসা নিতে গিয়েছিলেন। চিকিৎসা চলাকালে তাঁকে জানানো হয়, তালেবানের নৈতিকতা মন্ত্রণালয়ের নির্দেশে পুরুষ দন্তচিকিৎসকরা এখন থেকে নারী রোগীদের চিকিৎসা করতে পারবেন না। ফলে প্রায় তিন মাস ধরে তাঁর চিকিৎসা অসম্পূর্ণ রয়েছে। ব্যথার কারণে স্বাভাবিকভাবে খাবার খেতেও সমস্যায় পড়ছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, আনুষ্ঠানিক কোনো প্রজ্ঞাপন জারি না হলেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়ে পুরুষ চিকিৎসকদের সতর্ক করছেন। নারী রোগীকে চিকিৎসা দিলে তাঁদের কারাগারে পাঠানোর হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
চিকিৎসকদের বলা হয়েছে, জরুরি পরিস্থিতিতেও কোনো নারী রোগীকে একা চিকিৎসা দেওয়া যাবে না। চিকিৎসার সময় তাঁর সঙ্গে অবশ্যই একজন পুরুষ অভিভাবক বা মাহরাম থাকতে হবে। পাশাপাশি কিছু ক্ষেত্রে নারী নার্সের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এমনকি কয়েকটি এলাকায় নারী রোগীদের প্রকৃত নাম ধরে ডাকতেও নিষেধ করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রেসক্রিপশনে নামের পরিবর্তে শুধু ‘বিবি’ লেখার নির্দেশ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
অন্যদিকে, নারী চিকিৎসকের সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ২০২৪ সালের শেষ দিক থেকে নারীদের চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা এবং নতুন নারী স্বাস্থ্যকর্মী নিয়োগের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকায় ভবিষ্যতে নারী চিকিৎসকের সংখ্যা আরও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ফলে একদিকে পুরুষ চিকিৎসকদের কাছ থেকে সেবা নেওয়ার সুযোগ সীমিত হচ্ছে, অন্যদিকে নারী চিকিৎসকের অভাবও বাড়ছে। এতে আফগানিস্তানের নারীদের প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা পাওয়াও কঠিন হয়ে পড়ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান ও জান টাইমস