কক্সবাজারে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮, আটক ১৭ মোটরসাইকেল

কক্সবাজার

প্রকাশ: ২৩:৫৫, ১২ নভেম্বর ২০২৬

কক্সবাজারে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮, আটক ১৭ মোটরসাইকেল

কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় অপরাধ দমন, ছিনতাই প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে দুই ছিনতাইকারী, ১৪ মাদকসেবী ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ১৭টি মোটরসাইকেল আটক, ১৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল এবং ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া কিশোর গ্যাংয়ের সাত সদস্যকেও আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুই ছিনতাইকারী হলেন—তানজিব হাসান বাপ্পি (৩০) ও মো. আল আমিন (২২)। তানজিব হাসান বাপ্পি কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট, বইল্যাপাড়ার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় চুরি ও মালামাল গ্রহণসংক্রান্ত একটি মামলা এবং ২০১৬ সালের একটি হত্যা মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। অপর গ্রেপ্তার মো. আল আমিন (২২) রামু উপজেলার রশিদনগর এলাকার বাসিন্দা।
অভিযানে গ্রেপ্তার ১৪ মাদকসেবী হলেন—নাসির উদ্দিন (৩৫), মো. মজিবুল হক (২৭), আবু তালেব (২৫), মো. নাসির (২৪), গিয়াস উদ্দিন (২০), মোশারফ হোসেন জয় (৩৫), আব্দুল হাকিম (২২), আবুল হাশেম (৪৫), মো. জাহাঙ্গীর আলম (২৬), রায়হান সিকদার (১৯), সাকিব (২০), ওমর ফারুক প্রকাশ বাবু (১৯), তৌহিদুল ইসলাম (২৩) ও মো. শিহাব (১৮)।
তাঁদের মধ্যে কয়েকজন চট্টগ্রামের লোহাগাড়া ও মহেশখালী, চকরিয়া, উখিয়া এবং কক্সবাজার সদর এলাকার বাসিন্দা।

এ ছাড়া বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি মো. রেজাউল করিম ও মোহাম্মদ রফিক আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ আরও জানায়, শহর ও ইউনিয়ন পর্যায়ে যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে পরিচালিত অভিযানে ১৭টি মোটরসাইকেল আটক করা হয়। এর মধ্যে ১৬টির বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়েছে এবং মোট ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে আটক করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, শহর ও আশপাশের এলাকায় ছিনতাই, মাদকসেবন, কিশোর গ্যাংয়ের অপরাধ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন