যশোর প্রতিনিধি
প্রকাশ: ২৩:২৭, ১২ নভেম্বর ২০২৬
যশোরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ; প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে যশোর প্রেসক্লাবের সামনে কোর্টের দেয়াল লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে শহরের আরও কয়েকটি স্থানে বিস্ফোরণ ঘটায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিভিল কোর্ট মোড় থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি প্রেসক্লাবের সামনে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত রেলগেটের দিকে পালিয়ে যায়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনার পরপরই শহরে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। কারা এবং কী উদ্দেশ্যে এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।