খুলনা প্রতিনিধি
প্রকাশ: ২৩:৫১, ১২ নভেম্বর ২০২৬
খুলনার রূপসা উপজেলায় জাকির শেখ (৪৩) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার স্বল্প বাহিরদিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জাকির শেখ স্বল্প বাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে। তিনি সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি রূপসা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদের বড় ভাই।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে জাকির শেখ স্বল্প বাহিরদিয়া গ্রামের হিরকের দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, রাত ১০টার দিকে স্বল্প বাহিরদিয়া এলাকায় হিরকের দোকানের সামনে দুর্বৃত্তদের গুলিতে জাকির শেখ নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।