কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০০:১৬, ১৩ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রামু উপজেলার রাবার বাগান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘জনতা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী মিনি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আব্দুর রাজ্জাক কক্সবাজার পৌরসভার পূর্ব লাইট হাউজ পাড়ার ফাতের ঘোনা এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত আমির হোসেন এবং মাতার নাম মৃত কুলসুমা বেগম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, রামু রাবার বাগানে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা মিনি বাসটির এ-৩ নম্বর আসনে বসেছিলেন আব্দুর রাজ্জাক। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালানো হয়। এ সময় শরীরের বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল জানান, আটক ব্যক্তির ডান পায়ের হাঁটুর ওপর স্কচটেপ ও ব্যান্ডেজ দিয়ে মোড়ানো চারটি স্বচ্ছ পলিপ্যাকেটে চার হাজার পিস ইয়াবা পাওয়া যায়। একই কৌশলে বাম পায়ের হাঁটুর ওপর লুকানো আরও চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তার পরিহিত লুঙ্গির ডান কোচরে স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো ১০টি জিপারলক প্যাকেটে আরও দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায়। সব মিলিয়ে তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোস্তফা সিকদার ইমন বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন উপপরিচালক সোমেন মন্ডল।