৫৩ দিন পর মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:২৭, ১২ নভেম্বর ২০২৬

৫৩ দিন পর মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই বোন ডা. উজমা খান ও নওরিন নিয়াজি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। প্রায় ৫৩ দিন আটক থাকার পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) লাহোরের কোট লাখপত কারাগার থেকে তাঁদের মুক্তি দেওয়া হয়। তাঁদের আইনজীবী মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

পিটিআইয়ের আইনজীবী রানা মুদাসসির উমর পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে জানান, সরকার তাঁদের আটকাদেশ প্রত্যাহার করে নেওয়ার পর দুই বোনকে মুক্তি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আরও জানান, মুক্তির পর তাঁরা নিরাপদে বাড়িতে পৌঁছেছেন।

এর আগে ইমরান খানের দলের সরকারবিরোধী পদযাত্রার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়েছিল। পাকিস্তান সরকারের দাবি ছিল, ইসলামাবাদ অভিমুখে পরিকল্পিত ওই পদযাত্রার আগে তাঁরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে উঠতে পারেন। তবে শেষ পর্যন্ত পদযাত্রাটি অনুষ্ঠিত হয়নি।

এদিকে ইমরান খানের আরেক বোন আলিমা খান এখনো কারাগারে রয়েছেন বলে জানিয়েছে পিটিআই।

উজমা খানের ছেলে ওয়ালি খান তাঁর মাকে ৫৩ দিন আটকে রাখার কারণ এবং পরবর্তী সময়ে মুক্তি দেওয়ার বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেছেন। এক্সে দেওয়া পোস্টে তিনি অভিযোগ করেন, আটকের সিদ্ধান্ত যেমন খেয়ালখুশিমতো নেওয়া হয়েছিল, মুক্তির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তাঁর দাবি, এসব সিদ্ধান্তের পেছনে আইনি ভিত্তি ছিল না।

ইমরান খানকে চিকিৎসার জন্য ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়ার পরদিন তাঁর দুই বোন মুক্তি পেলেন। পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ডান চোখের সমস্যার চিকিৎসায় তাঁকে একটি ইনজেকশন দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর রক্তচাপের চিকিৎসাও করা হয়েছে।

৭৪ বছর বয়সী সাবেক ক্রিকেটার ও রাজনীতিক ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান। এরপর তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা হয়। ২০২৩ সাল থেকে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন।

ইমরান খানের বিভিন্ন মামলায় দেওয়া সাজাগুলোর মধ্যে একটি ছাড়া বাকিগুলোর কার্যকারিতা স্থগিত বা রায় বাতিল হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব মামলার আপিল এখনো বিচারাধীন। ইমরান খান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন। তবে পাকিস্তান সরকার তাঁর এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন