যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৪৮, ১২ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভ ‘আকস্মিকভাবে’ মারা গেছেন। বুধবার (১১ নভেম্বর) ৬৬ বছর বয়সে তার মৃত্যু হয় বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মস্কো।

এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দারচিয়েভ ‘আকস্মিকভাবে মারা গেছেন’। যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের দায়িত্ব পাওয়ার মাত্র দেড় বছরের মাথায় তার মৃত্যু হলো।

বিবৃতিতে তাকে ‘অসাধারণ কূটনীতিক, অভিজ্ঞ নেতা ও সদালাপী সহকর্মী’ হিসেবে উল্লেখ করেছে মন্ত্রণালয়। রাশিয়ার পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তিনি কাজ করেছেন বলেও বিবৃতিতে বলা হয়। রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন দারচিয়েভ।

গত বছরের মার্চে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান তিনি। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পরপরই দুই দেশের সম্পর্ক নতুন করে আলোচনায় আসে।

এর আগে ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ওই সময় রুশ অভিযানের পক্ষে অবস্থান নিয়ে দারচিয়েভ একে ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ বলে অভিহিত করেছিলেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের তথ্য অনুযায়ী, কূটনীতিক পরিবারে জন্ম দারচিয়েভের। তার বাবা নিকিতা ইভানোভিচ দারচিয়েভ হাঙ্গেরিতে রাশিয়ার দূতাবাসে মন্ত্রী-পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

১৯৯২ সালে কূটনৈতিক পেশায় যোগ দেন আলেকজান্ডার দারচিয়েভ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগে প্রথম সচিব ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রে রুশ দূতাবাসে উপদেষ্টা হিসেবে যোগ দেন দারচিয়েভ। পরে ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত একই দূতাবাসে মন্ত্রী-পরামর্শকের দায়িত্ব পালন করেন। ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন তিনি।

২০১০ সালে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগে পরিচালক হিসেবে ফিরে আসেন দারচিয়েভ। পরে গত বছর পর্যন্ত আবারও ওই বিভাগের দায়িত্বে ছিলেন তিনি।

সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন