আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০:২৭, ১২ নভেম্বর ২০২৬
জরিপের ফলাফল অনুযায়ী, রিপাবলিকান ভোটারদের প্রায় ৪৫ শতাংশ মনে করেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একজন ‘চমৎকার’ প্রেসিডেন্ট প্রার্থী হবেন। অন্যদিকে, ৪৩ শতাংশ রিপাবলিকান ভোটার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ক্ষেত্রে একই মত দিয়েছেন। ডেমোক্র্যাট শিবিরে সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিগিগ এবং জর্জিয়ার মার্কিন সিনেটর জন অসফ উভয়েই ২৯ শতাংশ ডেমোক্র্যাট ভোটারের কাছ থেকে ‘চমৎকার’ প্রার্থী হিসেবে রেটিং পেয়েছেন।
গত সোমবার সম্পন্ন হওয়া এই জরিপে যুক্তরাষ্ট্রের ১ হাজার ৭০৫ জন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন, যার মধ্যে উভয় দলের প্রায় ৫০০ জন করে নিবন্ধিত ভোটার ছিলেন। জরিপটিতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট ভোটারদের ক্ষেত্রে ত্রুটির মাত্রা (মার্জিন অব এরর) ধরা হয়েছে ৫ শতাংশ পয়েন্ট। যদিও এই চারজনের কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেননি এবং দুই দলের মনোনয়ন লড়াইয়েরও এক বছরের বেশি সময় বাকি রয়েছে। ফলে নতুন প্রতিদ্বন্দ্বীদের উঠে আসা এবং ভোটারদের মতামত পরিবর্তনের যথেষ্ট সুযোগ এখনো রয়েছে।
উভয় দলের এই নির্বাচনী আলোচনায় বড় ছায়া হয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি তার ক্যারিয়ারের অন্যতম সর্বনিম্ন জনপ্রিয়তার (অ্যাপ্রুভাল রেটিং) মধ্য দিয়ে যাচ্ছেন। রিপাবলিকানরা বর্তমানে দ্বিধাবিভক্ত যে তারা এমন কাউকে প্রার্থী হিসেবে চান যিনি ট্রাম্পের নীতি থেকে বেরিয়ে আসবেন, নাকি তার পদাঙ্ক অনুসরণ করবেন। অন্যদিকে, গত ৩ নভেম্বরের কংগ্রেসনাল নির্বাচনে রিপাবলিকানদের বড় ব্যবধানে পরাজিত করে উজ্জীবিত ডেমোক্র্যাটরা বিভক্ত হয়ে পড়েছেন এই প্রশ্নে যে, তারা প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের মতো কঠোর পদক্ষেপ কতটা আক্রমণাত্মকভাবে নেবেন।
এদিকে ট্রাম্প নিজেও তার মিত্রদের কাছে জানতে চেয়েছেন তারা ভ্যান্স নাকি রুবিও; কাকে বেশি পছন্দ করেন। গত রবিবার সিবিএস-এর ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রিপাবলিকান প্রাইমারিতে তিনি ‘অবশ্যই কাউকে সমর্থন দেবেন এমন নয়’।
রিপাবলিকান ভোটারদের মধ্যে ট্রাম্পের প্রতি যে সামান্য কিন্তু ক্রমবর্ধমান অসন্তোষ তৈরি হয়েছে, তার মূলে রয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত, যা জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছে। দেশের শীর্ষ কূটনীতিক হওয়া সত্ত্বেও ইরানের সাথে এ পর্যন্ত হওয়া নিষ্ফল শান্তি আলোচনাগুলোর অনেকগুলোতেই মার্কো রুবিওর অনুপস্থিতি লক্ষণীয় ছিল। ভ্যান্সও ট্রাম্পের নীতি থেকে কিছুটা দূরত্ব বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন; তিনি প্রকাশ্যে বলেছেন যে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পেছনে ইরানের সাথে যুদ্ধই দায়ী।
ফ্লোরিডার একজন অ্যাটর্নি বারবারা রেজনার, যিনি গত তিনটি প্রেসিডেন্ট নির্বাচনেই ট্রাম্পকে ভোট দিয়েছেন, তিনি ভ্যান্সের চেয়ে রুবিওকে বেশি পছন্দ করেন। তার মতে ভ্যান্স বড্ড বেশি ডানপন্থী এবং প্রেসিডেন্টের অত্যন্ত ঘনিষ্ঠ। রুবিও সম্পর্কে রেজনার বলেন, রুবিও তার কাজটা ঠিকঠাকভাবে সামলে নিতে পেরেছেন। তিনি বেশিরভাগ মানুষের নজরের বাইরেই থেকেছেন কারণ তিনি অতি বামপন্থী, অতি ডানপন্থী বা বড্ড পাগলাটে কোনো কিছুই করেননি।
রিপাবলিকান শিবিরে ২০২৮ সালের সম্ভাব্য প্রার্থী হিসেবে আরও এক ডজনের মতো নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বেশ ভালো অবস্থানে আছেন; ৩২ শতাংশ রিপাবলিকান তাকে চমৎকার বিকল্প হিসেবে দেখছেন। এছাড়া ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং টেক্সাসের মার্কিন সিনেটর টেড ক্রুজের যেমন ভক্ত রয়েছে, তেমনি প্রচুর সমালোচকও রয়েছে।
ডেমোক্র্যাটদের মধ্যে ২৯ শতাংশ নিবন্ধিত ভোটারের পছন্দে তালিকার শীর্ষে রয়েছেন জন অসফ। সাম্প্রতিক মাসগুলোতে অসফ বেশ সরাসরি ভাষায় ট্রাম্পকে দুর্নীতিগ্রস্ত ও পদের অযোগ্য বলে আক্রমণ করে সংবাদের শিরোনাম হয়েছেন। তাছাড়া গত সপ্তাহেই তিনি জর্জিয়ায় ১৮ শতাংশ পয়েন্টের বিশাল ব্যবধানে পুনর্নির্বাচিত হয়েছেন, যে অঙ্গরাজ্যটিতে ২০২৪ সালে ট্রাম্প ২ পয়েন্টে জয়ী হয়েছিলেন।
পিট বুটিগিগও ২৯ শতাংশ ডেমোক্র্যাটের কাছে চমৎকার প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন। ২০২০ সালে প্রেসিডেন্ট পদে লড়ার অভিজ্ঞতা থাকায় জাতীয় পর্যায়ে অসফের চেয়ে বুটিগিগ বেশি পরিচিত। জরিপে দেখা গেছে, প্রতি পাঁচজন ডেমোক্র্যাটের একজন বুটিগিগের নাম শোনেননি, যেখানে অসফকে চেনেন না প্রতি তিনজনে প্রায় একজন। অন্যদিকে রিপাবলিকানদের মধ্যে খুব কম মানুষই ভ্যান্সকে চেনেন না, তবে প্রতি ছয়জনে প্রায় একজন বলেছেন তারা রুবিও কে তা জানেন না। নির্বাচনী চক্রের শুরুতে পরিচিতি বেশি থাকলে প্রার্থীদের প্রচারণার খরচ বাঁচে, তবে বিল ক্লিনটনের মতো স্বল্প পরিচিত প্রার্থীদের প্রচারণার মাঠে জনপ্রিয় হয়ে ওঠার নজিরও কম নয়।
ডেমোক্র্যাটদের মধ্যে বুটিগিগ এবং অসফ উভয়ই মধ্যপন্থী হিসেবে পরিচিত, যা দক্ষিণ ইলিনয়ের অবসরপ্রাপ্ত শূকর খামারি এড ব্লেয়ারের মতো ভোটারদের আকৃষ্ট করে। অসফ তুলনামূলক কম পরিচিত হওয়ায় ব্লেয়ার বুটিগিগকে এগিয়ে রাখছেন। ব্লেয়ার বলেন, “আমি প্রগতিশীল প্রার্থীদের চেয়ে মধ্যপন্থী প্রার্থীদেরই বেশি পছন্দ করি।” সবার জন্য ফেডারেল মেডিকেয়ার স্বাস্থ্যবিমা সম্প্রসারণের মতো বড় পরিবর্তনের চেয়ে সব শিশুর জন্য মেডিকেয়ার চালুর মতো ধীরগতির পদক্ষেপই তার পছন্দ। ব্লেয়ারের মতে, “প্রগতিশীল নীতিগুলোর দিকে যাওয়ার ক্ষেত্রে মানুষকে মানিয়ে নেওয়ার সময় দিতে বড় পদক্ষেপের পরিবর্তে ছোট ছোট পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
রয়টার্স/ইপসোসের জরিপে দেখা গেছে, ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের কাছে হেরে যাওয়া সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের মতো পরিচিত মধ্যপন্থী নেতারা প্রত্যেকে ২৩ শতাংশ করে ‘চমৎকার প্রার্থী’ রেটিং পেয়েছেন। যা নিউইয়র্কের প্রগতিশীল প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের (১৫ শতাংশ) চেয়ে বেশি। মধ্যবর্তী নির্বাচনের পর ওকাসিও-কর্টেজ সিএনএনকে জানিয়েছেন যে ট্রাম্পকে অভিশংসনের বিষয়টি বিবেচনায় রাখা উচিত, কিন্তু বুটিগিগ ‘নিউ ইয়র্কার’ সাময়িকীকে বলেছেন তিনি অভিশংসনের বিষয়ে ‘খুব একটা আগ্রহী নন’।
তবে ২০২৮ সালের নির্বাচনের এত আগে জনমতের এই চিত্রকে খুব গভীরভাবে না দেখার পরামর্শ দিয়েছেন ডেমোক্র্যাট কৌশলবিদ ইলেইন কামার্ক। তিনি বলেন, “এখনো অনেক দূরের পথ বাকি। উভয় দলেই এমন অনেক মানুষ আছেন যারা এখনো সিদ্ধান্ত নিচ্ছেন যে তারা আদৌ নির্বাচন করবেন কি না। কে প্রার্থী হবেন তা হয়তো আপনি অনুমান করতে পারেন, কিন্তু কে এগিয়ে থাকবেন সে সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু জানার উপায় নেই।”
সূত্র: রয়টার্স