ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে সরকারের উদ্যোগ: মীর শাহে আলম

প্রকাশ: ২৩:৪২, ১১ নভেম্বর ২০২৬

ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে সরকারের উদ্যোগ: মীর শাহে আলম

দেশে ক্রমবর্ধমান ভূগর্ভস্থ পানির সংকট মোকাবিলায় এর ওপর নির্ভরতা কমিয়ে বৃষ্টির পানি, নদী ও জলাশয়ের উপরিভাগের পানি ব্যবহারে একাধিক কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার।

বিশেষ করে বরেন্দ্র অঞ্চলে পানির স্তর নিচে নেমে যাওয়ার ঝুঁকি মোকাবিলা, উপকূলীয় এলাকায় বৃষ্টির পানি সংরক্ষণ এবং নগরাঞ্চলে নদীর পানি পরিশোধন করে সরবরাহ বাড়াতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-১০-এর সরকারি দলের সদস্য নিলোফার চৌধুরী মনির কার্যপ্রণালি বিধি-৭১-এর আওতায় উত্থাপিত জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে নিরাপদ পানি সরবরাহ এবং সেচের পানির ব্যবহার কমাতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৭ হাজার ৫০০ কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। চার বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় খাল ও জলাধার সংরক্ষণ এবং ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে। এতে রাজশাহী ও রংপুর বিভাগের মানুষ উপকৃত হবেন।

তিনি বলেন, ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে দেশের বিভিন্ন শহরে নদীর পানি পরিশোধন করে সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য প্রায় ২ লাখ ১৫ হাজার ৩৭২টি রেইন ওয়াটার হারভেস্টার স্থাপনের কাজ চলছে। এর মধ্যে ২ লাখ ৩৬৭টির স্থাপনকাজ সম্পন্ন হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ঢাকা মহানগরীতে ২০৩৫ সালের মধ্যে মোট পানির চাহিদার ৭০ শতাংশের বেশি উপরিভাগের উৎস থেকে সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ঢাকা ওয়াসার ওয়াটার মাস্টারপ্ল্যান অনুযায়ী পানি শোধনাগার নির্মাণের কাজ চলছে। পাঁচটি প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর পানির চাহিদার প্রায় ৭৩ শতাংশ পরিশোধিত উপরিভাগের উৎস থেকে সরবরাহ করা সম্ভব হবে। বর্তমানে এ হার প্রায় ২৩ শতাংশ।

তিনি আরও বলেন, চট্টগ্রাম মহানগরীতে দৈনিক সরবরাহ করা পানির প্রায় ৯৫ শতাংশ কর্ণফুলী ও হালদা নদীর পানি পরিশোধনের মাধ্যমে দেওয়া হচ্ছে। খুলনা মহানগরীতেও মধুমতী নদীর পানি পরিশোধন করে সরবরাহের ফলে গভীর নলকূপের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।

ভূগর্ভস্থ পানির সংকট মোকাবিলায় কৃষিতে পানির ব্যবহার কমানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, লবণাক্ত অঞ্চলে উপযোগী ধান ও অন্যান্য ফসলের বীজ গবেষণার মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে এসব বীজ বিতরণ শুরু হয়েছে।

নিলোফার চৌধুরী মনির অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর চারপাশের পাঁচটি নদী দূষণমুক্ত করা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ৫৫টি খাল পুনঃখনন ও সংস্কারে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের নেতৃত্বে ১০টি মন্ত্রণালয়কে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকার চারপাশের নদীগুলো দূষণমুক্ত করা, খাল পুনঃখনন, রিটেইনিং ওয়াল নির্মাণ এবং শিল্পকারখানার দূষিত পানি নদীতে প্রবেশ বন্ধে সরকার কাজ করছে। শিল্পবর্জ্য পরিশোধনে ইটিপি ও এসটিপি স্থাপনের মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে একাধিক বৈঠক এবং নদীগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে এ বিষয়ে প্রতিবেদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, রাজধানীর হাতিরঝিল, ধানমন্ডি, বারিধারা ও বনানী লেকের সৌন্দর্যবর্ধন এবং পানিদূষণ রোধেও প্রকল্প নেওয়া হয়েছে। ধানমন্ডি লেকের উন্নয়ন ও পানি দূষণমুক্ত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৭৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে, যা অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। ইতোমধ্যে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন