বক্তব্য প্রত্যাহার করে দূর্নীতি দমনে সহযোগিতা চাইলেন মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:০৭, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:১১, ১১ নভেম্বর ২০২৬

বক্তব্য প্রত্যাহার করে দূর্নীতি দমনে সহযোগিতা চাইলেন মীর শাহে আলম

​১১ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সংবাদ বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যকে উপহারের মোড়কে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা অসত্য এবং বিভ্রান্তিকর।

​প্রকৃতপক্ষে, প্রতিমন্ত্রী তাঁর আনুষ্ঠানিক বক্তব্যে এলজিইডির নব নিয়োগকৃত সহকারী প্রকৌশলীদের সরকারি উন্নয়ন কাজের মান বজায় রেখে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন। ব্যাক্তিগত সম্পর্কের উর্ধ্বে থেকে কাজের মান সম্পর্কে নিশ্চিত হয়ে ঠিকাদারদের বিল পরিশোধের তাগিদ দিয়েছেন। কাজের গুণগত মান রক্ষা করে নিয়মতান্ত্রিক উপায়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার বিষয়টিকেই সেখানে উৎসাহিত করা হয়েছে। সরকারি ব্যায় ও কেনাকাটার ক্ষেত্রে পিপিআর ও পিপিএ কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

কিন্তু মূল বক্তব্যকে উহ্য রেখে একটি মহল প্রতিমন্ত্রীর সাথে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের অনানুষ্ঠানিক আলাপকালের কিছু বক্তব্য বিভিন্ন প্রচারমাধ্যমে ছড়িয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়েছে। প্রতিমন্ত্রীর বক্তব্যকে ঘুষ লেনদেনকে বৈধতা দেওয়ার সঙ্গে তুলনা করা কেবল অনভিপ্রেত নয়, বরং এটি সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের প্রতি একধরনের রাজনৈতিক অপপ্রচার।

​সরকার সবসময় স্বচ্ছতা, জবাবদিহি এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। দায়িত্বশীল পদে থেকে কোনো প্রকার বৈধ প্রক্রিয়ার বাইরে অবৈধ সুবিধা গ্রহণের সুযোগ নেই। 

তথাপি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ১১ নভেম্বর, বুধবার সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী এবং প্রকৌশলীদের নিয়ে একটি কর্মশালায় গণমাধ্যমের সামনে তার আগের দিনের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন এবং তিনি সেসব অনানুষ্ঠানিক বক্তব্য প্রত্যাহার করেছেন। একই সঙ্গে এই বক্তব্যগুলোর সাথে সরকারের কোন কর্মকর্তার সংশ্লিষ্টতা নেই বলে উল্লেখ করেছেন।

​অতএব, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে দূর্নীতি বন্ধে সবাই মিলে সরকারকে সহযোগিতার অনুরোধ জানানো হচ্ছে। সরকারি কাজে দূর্নীতি দূর করে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন