সাংবাদিকদের প্রতিবাদের মুখে নির্দ্ধারিত অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

প্রকাশ: ০০:০৪, ৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:০৫, ৮ নভেম্বর ২০২৬

সাংবাদিকদের প্রতিবাদের মুখে নির্দ্ধারিত অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

চট্টগ্রামে সাংবাদিকদের তীব্র প্রতিবাদের মুখে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজক কমিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আয়োজকরা জানান, ঢাকা আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে পরীমনির সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনার ১৭ দিন আগেই তার সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে চুক্তি হয়েছিল। তবে একজন গণমাধ্যমকর্মীর সঙ্গে অসম্মানজনক আচরণের ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হওয়ায় চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের প্রতি সম্মান জানিয়ে তাকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার রাতে পরীমনি নিজের ফেসবুক ওয়ালে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এর একটি পোস্টার শেয়ার করে লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’
পোস্টারটি নজরে আসার পর জাতীয় দৈনিকের এক প্রতিবেদক আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, সংশ্লিষ্ট সাংবাদিক ও তার মায়ের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিষয়টি নিষ্পত্তি না করলে আয়োজকদের বিকল্প অতিথি খোঁজা উচিত।

ওই পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে সাংবাদিকদের দাবির প্রতি সংহতি জানিয়ে পরীমনিকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন আয়োজকরা। ইতোমধ্যে তাকে বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।
আগামী ২৮ নভেম্বর চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি আয়োজনের কথা রয়েছে।

আরও পড়ুন