ডিসেম্বর ঘিরে মহাসড়কে নাশকতার আশঙ্কা, কুমিল্লায় সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:৫৭, ৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:৫৮, ৭ নভেম্বর ২০২৬

ডিসেম্বর ঘিরে মহাসড়কে নাশকতার আশঙ্কা, কুমিল্লায় সতর্কতা

ডিসেম্বরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা মহাসড়কে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্যের বরাতে দাবি করেছে পুলিশ।

এমন আশঙ্কায় মহাসড়কের কুমিল্লা অংশের ১৪টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। এরই মধ্যে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গোয়েন্দা তথ্য ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নাশকতার আশঙ্কা রয়েছে। পলাতক আওয়ামী লীগ নেতাদের ইন্ধন ও অর্থায়নে ছাত্রলীগ-যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে।

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক যোগাযোগপথ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ প্রায় ১০৩ কিলোমিটার দীর্ঘ। অতীতেও রাজনৈতিক অস্থিরতার সময় এই মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়া এবং সহিংস ঘটনার নজির রয়েছে। এ কারণে সম্ভাব্য নাশকতা ঠেকাতে মহাসড়কটিকে বিশেষ গুরুত্ব দিয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ১৪টি পয়েন্টের মধ্যে রয়েছে দাউদকান্দি উপজেলার শহীদনগর, ইলিয়টগঞ্জ, পুটিয়া, তীরচর ও গোমতা; চান্দিনা উপজেলার মাধাইয়া ও কাঠেরপুল; বুড়িচং উপজেলার নিমসার ও কাবিলা; আদর্শ সদর উপজেলার সৈয়দপুর, আলেখারচর ও কোটবাড়ী; সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এবং চৌদ্দগ্রাম উপজেলার আলকরা।

পুলিশের আশঙ্কা, এসব এলাকার নির্জন স্থানে রাতের বেলায় দূরপাল্লার যানবাহন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের চেষ্টা হতে পারে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া কয়েকজন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদে মহাসড়কে নাশকতার পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।

কুমিল্লা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, ডিসেম্বরকে ঘিরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নাশকতার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা তথ্য রয়েছে। প্রযুক্তির ব্যবহার ও গোপন নজরদারির মাধ্যমে সংশ্লিষ্টদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার পরিকল্পনা প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ বলেন, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চিহ্নিত ১৪টি পয়েন্টসহ মহাসড়কের ১০৩ কিলোমিটার এলাকায় দিন-রাত বিশেষ টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, মহাসড়কে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রী ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন