রাসুলের আদর্শ বাস্তবায়ন ছাড়া রাষ্ট্রে শান্তি আসবে না: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:৫২, ৭ নভেম্বর ২০২৬

রাসুলের আদর্শ বাস্তবায়ন ছাড়া রাষ্ট্রে শান্তি আসবে না: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আল্লাহ তায়ালা মানবতার মুক্তির দূত হিসেবে মহানবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছেন। তিনি যে আদর্শ নিয়ে পৃথিবীতে এসেছিলেন, সে আদর্শ মেনে নেওয়ার কারণে আইয়ামে জাহেলিয়াতের অভিশাপ থেকে সৃষ্টিকূল মুক্তি পেয়েছিল।

শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘জাতীয় সীরাত সম্মেলন ২৬’-এ তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, রাসুল (সা.)-এর আদর্শ থেকে মানবজাতি নিজেদের সরিয়ে নেওয়ার কারণেই বর্তমানে বাংলাদেশসহ সারা পৃথিবীতে অশান্তি বিরাজ করছে। দেশের অভ্যন্তরে চলছে গুম, খুন, চুরি, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতির রাজত্ব। স্বাধীনতা উত্তর যে আদর্শ বা নীতি দিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, তাতে জনগণ মুক্তি পায়নি এবং পাবেও না। সেজন্য আদর্শ বা নীতির পরিবর্তন জরুরি। সেই আদর্শই হচ্ছে সিরাতে রাসুল (সা.)। মোটকথা, রাসুল (সা.) আনীত আদর্শ বা সীরাতের বাস্তবায়ন ছাড়া রাষ্ট্রে শান্তি আসবে না, আসতে পারে না।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে ইসলামী আইন তথা শরীয়াহ প্রতিষ্ঠার কথা বলে আসছে। আমরা মনেপ্রাণে দৃঢ় বিশ্বাস করি শরীয়াহ প্রতিষ্ঠাই পারে মানবজাতিকে মুক্তি দিতে। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার প্রতিষ্ঠার জ্বলন্ত উদাহরণ সীরাত। যিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি পরিচালনার আইন দিয়েছেন। সেই আইন নিহিত আছে রাসুল (সা.)-এর সিরাতে। মানবজাতির মুক্তির জন্য আমৃত্যু সিরাত বাস্তবায়নে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে নগর সভাপতি শেখ ফজলুল করীম বলেন, ব্যক্তি জীবনে আমরা অনেকেই রাসুল (সা.)-এর সিরাত মেনে চলি। এতে ব্যক্তিজীবনে সুশৃঙ্খলতার প্রভাব পরিলক্ষিত হয়। কিন্তু সমাজ, রাষ্ট্র এবং আন্তর্জাতিকভাবে সিরাতের চর্চায় সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা উদাসীন। সিরাত আমাদের শেখায় শাসকরা শাসনের নামে শোষণ করবে না বরং তারা হবে খাদেম। আমরা সেই সচেতনতা তৈরি করতেই প্রতিবছর সিরাত সম্মেলনের আয়োজন করি।

সিরাত সম্মেলনে সিরাত গবেষক ও লেখক এনামুল করীম ইমামকে সংবর্ধনা দেওয়া হয়। মাসব্যাপী সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় জাতীয় সিরাত সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, প্রতিরক্ষা বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব) শামীম কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক আ ইখ ম ইউনুস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কামরুল হাসান, সীরাত গবেষক ও লেখক ডা. আবিদ হোসেন, নগর সহ-সভাপতি আনোয়ার হোসেন, আবদুর রাজ্জাক, এম এইচ মোস্তফা, ফজলুল হক মৃধা প্রমুখ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন