আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০০:০০, ৮ নভেম্বর ২০২৬
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, গতকাল শুক্রবার মধ্যরাতে কলকাতার কালীঘাটে রাস্তা দখল করে জন্মদিন পালন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে আজ শনিবার দফায় দফায় কালীঘাটে তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি সদস্যরা। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে গেলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এসবের পরিপ্রেক্ষিতে অভিষেক অভিযোগ তুলেছেন, তাকে খুনের ষড়যন্ত্র চলছে। তাই দিনে বারবার এমন হামলা করা হয়েছে।
শুক্রবার রাতে ধারাবাহিকভাবে নিজের এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন অভিষেক। তিনি অভিযোগ তোলেন, রাত ২টায় তার বাড়ির সামনে বিজেপির দুষ্কৃতিকারীরা হামলা চালিয়েছে। পশ্চিমবঙ্গে একজন নির্বাচিত জনপ্রতিনিধির এই অবস্থা!
পরের পোস্টে একটি ভিডিও দিয়ে তার অভিযোগ, বিজেপি দুষ্কৃতিকারীরা সিভিল ড্রেসে থাকা পুলিশের গায়ে হাত তুলেছে। শনিবার দিনভর বিশৃঙ্খলার পর মমতা ও অভিষেক দুজনই অভিযোগ করেন, খুনের ষড়যন্ত্র চলছে। অভিষেকের দাবি, গত ৬ মাসে এভাবে তার ওপর সাতবার হামলার চেষ্টা হল।
তবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, ‘রাস্তা দখল করে কেন জন্মদিন হবে? ওরকম এক নেতা, তার তো উচিত বড় হোটেল বুক করে জন্মদিন পালন করা। ওদের নিজেদের মধ্যে ঝামেলাতেই এত অশান্তি হয়েছে। উনি খুনের ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন? আমি বলতে চাই, কার অত সময় আছে? আসলে ওদের আর এখন কিছু করার নেই। উল্টাপাল্টা দাবি করে মানুষের সমবেদনা আদায়ের চেষ্টা করছে।’