ঘাড়ের ব্যথা থেকে মুক্তি পেতে ৫৩ হাজার টাকায় বালিশ কিনলেন নারী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩:৫৪, ৭ নভেম্বর ২০২৬

ঘাড়ের ব্যথা থেকে মুক্তি পেতে ৫৩ হাজার টাকায় বালিশ কিনলেন নারী

ঘাড়ের দীর্ঘস্থায়ী ব্যথা থেকে মুক্তি পেতে জাপানে গিয়ে ৫২ হাজার ৯৭০ বাংলাদেশি টাকা দিয়ে বিশেষভাবে তৈরি বালিশ কিনেছেন ভারতের এক নারী। তার এই ব্যতিক্রমী কেনাকাটার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বালিশটির দাম ও তৈরির বিশেষ পদ্ধতি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ওই নারীর নাম বিপানদীপ কৌর। তিনি পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। জাপান ভ্রমণের সময় দেশটির ৪০০ বছরের পুরোনো একটি দোকান থেকে বালিশটি কেনেন তিনি। দোকানটি জাপানের নিহনবাশি এলাকায় অবস্থিত এবং নিশিকাওয়া নামের একটি বিছানাপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের।

গত ৪ নভেম্বর ইনস্টাগ্রামে নিজের কেনাকাটার অভিজ্ঞতা তুলে ধরেন বিপানদীপ। তিনি জানান, বালিশটি সাধারণ কোনো পণ্য নয়। ক্রেতার শারীরিক গঠন, ঘাড়ের অবস্থান ও ঘুমানোর অভ্যাস বিশ্লেষণ করে এটি বিশেষভাবে তৈরি করা হয়।

বালিশ তৈরির আগে বিশেষজ্ঞরা প্রথমে ক্রেতার ঘাড়ের অবস্থান ও শারীরিক ভঙ্গি পরিমাপ করেন। এরপর বিভিন্ন উচ্চতার বালিশে শুয়ে দেখতে দেওয়া হয়। এসব পরীক্ষার মাধ্যমে ঘুমানোর ধরন অনুযায়ী উপযুক্ত বালিশের উচ্চতা ও কাপড় নির্বাচন করা হয়। সব পরিমাপ শেষে শুরু হয় বালিশ তৈরির কাজ।

বালিশটির ভেতরে ব্যবহার করা হয়েছে কালো রঙের ‘বিনচোটান’ কাঠকয়লার তৈরি বিশেষ নলাকার দানা। এগুলো বালিশের ভেতরের উপাদান হিসেবে ব্যবহৃত হয়, যা আরাম ও ঘাড়ের সঠিক অবস্থান বজায় রাখতে সহায়ক বলে মনে করা হয়।

বিপানদীপ জানান, দীর্ঘ সময় ল্যাপটপ ও মোবাইল ফোন ব্যবহারের কারণে তার ঘাড়ে সমস্যা তৈরি হয়েছে। বয়স বাড়ার সঙ্গে ঘুমের সমস্যাও বাড়ছে। তাই ভালো ঘুমের জন্য এই খরচকে তিনি বিনিয়োগ হিসেবে দেখছেন। বালিশটি তার ঘাড়ের ব্যথা কমাতে এবং ঘুমের মান উন্নত করতে সাহায্য করবে বলে আশা করছেন তিনি।

ভিডিওটি প্রকাশের মাত্র চার ঘণ্টার মধ্যে তিন লাখের বেশি বার দেখা হয়। কেউ তার সিদ্ধান্তকে সমর্থন করেছেন, আবার কেউ একটি বালিশের জন্য এত টাকা খরচের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুন