নিউ গিনি প্রপার্টিজে আবারও হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

প্রকাশ: ২৩:৪৬, ৭ নভেম্বর ২০২৬

নিউ গিনি প্রপার্টিজে আবারও হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১৪

রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর এলাকার সেই নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে আবারও হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ পুরুষ ও ৪ নারীসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকাল ৪টা ১০ মিনিটের দিকে ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে।

রাতে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, এদিন বিকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল নিউ গিনি প্রপার্টিজের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ভাঙচুর ও মারামারিতে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে সেখান থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন মারামারিতে গুরুতর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি কেনাবেচা নিয়ে আর্থিক বিরোধের জেরে এ ঘটনার সূত্রপাত।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতেও নিউ গিনি প্রপার্টিজের এই আবাসন প্রকল্পে বড় ধরনের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও ভাঙচুর চালানো হয়।

সেই ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছিল। ওই মামলায় কয়েকজনকে গ্রেপ্তারও করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন