তাহসিফ হত্যা মামলা: বন্ধু দ্বীপের দুই দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

প্রকাশ: ২৩:১৯, ৫ নভেম্বর ২০২৬

তাহসিফ হত্যা মামলা: বন্ধু দ্বীপের দুই দিনের রিমান্ড মঞ্জুর

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে আবারও দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন দ্বিতীয় দফার তিন দিনের রিমান্ড শেষে দ্বীপকে আবারও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপের হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত, হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন এবং এতে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

দ্বীপকে গত ২৯ অক্টোবর রাতে মোহাম্মদপুর থেকে আটক করে পিবিআই। ৩০ অক্টোবর রাতে তাহসিফের বাবা মামলা করার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর ৩১ অক্টোবর তাকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দ্বীপের ডাকে তাহসিফ বাসার নিচে নামেন এবং মোটরসাইকেল নিয়ে বের হন। পরে একটি রেস্তোরাঁয় দ্বীপ, তাহসিফ ও দিশা একসঙ্গে রাতের খাবার খান। এরপর উত্তরা হাউজবিল্ডিং এলাকা থেকে তাহসিফের কাছ থেকে তিনি আলাদা হয়ে যান।

দ্বীপের দেওয়া তথ্যের ভিত্তিতে গত শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এছাড়া মাদকস্পট হিসেবে পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার কথাও স্বীকার করেন দ্বীপ।

এদিকে বুধবার তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার তার বান্ধবী জেরিকা তাসনিম দিশাকে (১৯) আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণকারী হিসেবে আলোচনায় থাকা তাহসিফ সাউরির মরদেহ গত ২৮ অক্টোবর বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ পুলিশ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন