এস এম আকাশ
প্রকাশ: ২৩:০২, ৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:০৩, ৫ নভেম্বর ২০২৬
কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের বিরুদ্ধে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনীর একজন সদস্য আহত হয়েছেন। অভিযানে পাচার চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার এবং পাচারের শিকার ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।
আজ ৫ নভেম্বর, বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নুরালীপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লক সংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রাত ৯টার দিকে জানায়, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে টেকনাফে মানবপাচার চক্রের সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর একজন সদস্য আহত হন। অভিযানে ৩ জনকে গ্রেপ্তার এবং ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক রয়েছেন। মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ওই পাহাড়ি আস্তানায় তাদের আটকে রেখেছিল পাচারকারী চক্র। অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার গান ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পাহাড়ি এলাকায় যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় গোলাগুলিতে সেনাবাহিনীর এক সদস্য আহত হন।
কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এস. সাজেদুর রহমান বলেন, পাহাড়ে যৌথ অভিযান এখনো চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানা যাবে।