টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু: আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:৫১, ৫ নভেম্বর ২০২৬

টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু: আইএসপিআর

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। পাশাপাশি জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।

সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, টেকনাফের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালিকে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল আটকে রেখেছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

বিকেল আনুমানিক ৫টার দিকে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে সশস্ত্র মানবপাচারকারীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

গোলাগুলির একপর্যায়ে সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ (২৭) বাম কাঁধে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক এবং জিম্মি থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।

কর্তব্যরত অবস্থায় সৈনিক তিতাস শেখের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে বাহিনীটি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন