এস কে রবিউল ইসলাম, খুলনা
প্রকাশ: ১৭:৩১, ৫ নভেম্বর ২০২৬
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই ক্রীড়া আসরের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়, আয়োজক এবং হাজার হাজার ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে স্টেডিয়াম চত্বর মুখরিত হয়ে ওঠে।
এর আগে প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সকালে তিনি মোংলা বন্দর পরিদর্শন করেন এবং এর কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন। বন্দর পরিদর্শন শেষে তিনি ঐতিহাসিক বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ও সাধক হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
এরপর মাজার প্রাঙ্গণ থেকে সড়কপথে কাটাখালী ও কুদির বটতলা হয়ে খুলনা সার্কিট হাউজে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে কিছুক্ষণ বিশ্রাম ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময়ের পর বিকেলে তিনি খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত মূল অনুষ্ঠানে যোগ দেন।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধনের মধ্য দিয়ে দেশের তরুণ ও শিশু-কিশোররা ক্রীড়াঙ্গনে নিজেদের প্রতিভা বিকাশের আরও একটি বড় সুযোগ পেল। এই টুর্নামেন্ট দেশের তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ক্রীড়াবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।