নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:১৪, ৫ নভেম্বর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। ইব্রাহিমের করা একমাত্র গোলে ভুটানকে ১-০ ব্যবধানে হারিয়েছে দলটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে বাংলাদেশ। দুই উইং কাজে লাগিয়ে একের পর এক আক্রমণ গড়ে তোলে স্বাগতিকরা। কয়েকটি ভালো সুযোগ তৈরি হলেও বিশ্বনাথের ব্যর্থতা এবং ভুটানের জমাট রক্ষণে প্রথমার্ধে গোলের দেখা পায়নি বাংলাদেশ।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে মাঝমাঠ থেকে আক্রমণ তৈরির পাশাপাশি দূরপাল্লার শটেও গোলের চেষ্টা করে বাংলাদেশ। প্রথমার্ধে বল দখল ও আক্রমণের পরিসংখ্যানেও এগিয়ে ছিল স্বাগতিক দল।
ম্যাচের এই সময়ে বাংলাদেশের বল দখলে ছিল ৬৪ শতাংশ, বিপরীতে ভুটানের ৩৬ শতাংশ। বাংলাদেশ ১২টি শট নেয়, আর ভুটানের শট ছিল চারটি। তবে লক্ষ্যে শটের ক্ষেত্রে দুই দলই সমান—দুটি করে।
বিরতির পরও আক্রমণের ধারাবাহিকতা বজায় রাখে বাংলাদেশ। অপেক্ষার অবসান ঘটে ম্যাচের ৬৯তম মিনিটে। বদলি হিসেবে মাঠে নামা ইব্রাহিমের পা থেকেই আসে জয়সূচক গোল।
বক্সে পাঠানো একটি ক্রস থেকে গোলের সুযোগ তৈরি হয়। সেই বলে হেড করেন শমিত সোম। তাঁর হেডে বল ওপরের দিকে উঠে গেলে গোলমুখের সামনে পেয়ে যান ইব্রাহিম। সুযোগ কাজে লাগিয়ে পা ছুঁইয়ে বল জালে পাঠান তিনি।
ইব্রাহিমের এই গোলেই শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা হলো দলের।