ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে ছয়ে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩:৩১, ২ নভেম্বর ২০২৬

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে ছয়ে আফগানিস্তান

একসময় আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখাটাই ছিল বড় চ্যালেঞ্জ। এখন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পেছনে ফেলছে একের পর এক প্রতিষ্ঠিত দলকে। আফগানিস্তান ক্রিকেটের সেই উত্থান এবার পৌঁছেছে নতুন উচ্চতায়। আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের হালনাগাদে ছয়ে উঠে এসেছে দলটি। ওয়ানডে ইতিহাসে এটাই আফগানিস্তানের সর্বোচ্চ অবস্থান।

২০০৯ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল আফগানিস্তানের। তারপর ধীরে ধীরে নিজেদের শক্তির জানান দিয়েছে তারা। ২০২৩ বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে চমকে দেয় আফগানরা। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ওঠে সেমিফাইনালে।

ওয়ানডেতেও ধারাবাহিকতা ধরে রেখেছে দলটি। এখন পর্যন্ত ১৯১ ম্যাচ খেলে ৯৬টিতে জিতেছে আফগানিস্তান। তাদের জয়-পরাজয়ের অনুপাত ১.০৯। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ছয়ে উঠে এসেছে তারা। এর আগে থেকেই বাংলাদেশ, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ওপরে ছিল আফগানিস্তান।

সাম্প্রতিক সময়েও দারুণ ছন্দে আছে রশিদ খানের দল। আয়ারল্যান্ডের মাটিতে চার ম্যাচের ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে ৪-০ ব্যবধানে হারিয়েছে তারা। তারপর জিম্বাবুয়ে ও বাংলাদেশকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও অপরাজিত ছিল আফগানিস্তান।

শুধু ওয়ানডে নয়, টি-টোয়েন্টিতেও নিজেদের সামর্থ্য দেখিয়েছে তারা। সম্প্রতি জিম্বাবুয়েকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে আফগানিস্তান। এবার দুই ম্যাচের টেস্ট সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি হওয়ার অপেক্ষায় দলটি।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ১৭ বছরের মধ্যেই ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ছয়ে উঠে আসা আফগানিস্তানের জন্য বড় অর্জন। একের পর এক সাফল্যে দলটি এখন আর শুধু চমক দেখানো কোনো দল নয়, বরং প্রতিষ্ঠিত শক্তিগুলোর জন্যও কঠিন প্রতিপক্ষ।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আফগানরা পেছনে ফেলেছে বাংলাদেশ (৯), শ্রীলঙ্কা (৭) ও ইংল্যান্ডের (৮) মতো প্রতিষ্ঠিত দলকে। অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ৪ নম্বরে অবস্থান করছে পাকিস্তান। শীর্ষে রয়েছে ভারত। নিউ জিল্যান্ড ২ ও দক্ষিণ আফ্রিকার রয়েছে তিন নম্বরে।

আরও পড়ুন