গায়ে হলুদের সাজে তৌসিফ-সাফা, বিয়ের গুঞ্জনের নেপথ্যে কী?

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০০:০৫, ৩ নভেম্বর ২০২৬

গায়ে হলুদের সাজে তৌসিফ-সাফা, বিয়ের গুঞ্জনের নেপথ্যে কী?

ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও সাফা কবিরকে সম্প্রতি দেখা গেছে গায়ে হলুদের সাজে। দুজনের এমন উপস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের বিয়ে নিয়ে শুরু হয় নানা জল্পনা।

ভিডিওতে দেখা যায়, একটি রিসোর্টে গায়ে হলুদের আদলে সাজানো হয়েছে অনুষ্ঠানস্থল। সাফা কবিরের পরনে ছিল হলুদ রঙের ওপর বাহারি নকশার লেহেঙ্গা। অন্যদিকে তৌসিফ মাহবুবের পোশাক ছিল হলুদ পাঞ্জাবি ও কুর্তি। চারপাশে বন্ধুদের উপস্থিতি এবং হাসি-আনন্দের পরিবেশ দেখে অনেকের কাছেই আয়োজনটি বাস্তব গায়ে হলুদের অনুষ্ঠান বলে মনে হয়েছে।

তবে তৌসিফ ও সাফার বিয়ের কোনো অনুষ্ঠান ছিল না এটি। জানা গেছে, একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের জন্যই গায়ে হলুদের সাজে হাজির হয়েছিলেন এই দুই অভিনয়শিল্পী। প্রতিষ্ঠানটি বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের পোশাক ডিজাইন ও বিক্রি করে। তাদের প্রচারণার অংশ হিসেবেই তৈরি করা হয়েছে ভিডিওটি।

প্রকাশের পর বিজ্ঞাপনচিত্রটি দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে। মাত্র দুই দিনের মধ্যে ভিডিওটির ভিউ প্রায় সাড়ে চার লাখে পৌঁছেছে। অনেকেই তৌসিফ ও সাফার পর্দার রসায়নের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার শুরুতে ভিডিওটিকে নাটকের কোনো দৃশ্য বলে মনে করেছিলেন।

তৌসিফ মাহবুব ও সাফা কবিরের বন্ধুত্ব দীর্ঘদিনের। শোবিজে প্রায় একই সময়ে তাদের পথচলা শুরু। সম্প্রতি বন্ধুদের সঙ্গে সিলেট ভ্রমণেও গিয়েছিলেন তারা।

আরও পড়ুন