তানিয়া বৃষ্টির আয়ু সাড়ে ৪ থেকে ৫ বছর, জানিয়েছিলেন চিকিৎসক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২:৫৭, ১ নভেম্বর ২০২৬

তানিয়া বৃষ্টির আয়ু সাড়ে ৪ থেকে ৫ বছর, জানিয়েছিলেন চিকিৎসক

মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর দীর্ঘ চিকিৎসা ও শারীরিক জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে টিভি নাটকের অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে। প্রায় ১০ মাসের বিরতি শেষে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকের মাধ্যমে শুটিংয়ে ফিরে আসার অভিজ্ঞতাকে নিজের ‘দ্বিতীয় জন্ম’ বলে উল্লেখ করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অসুস্থতা, চিকিৎসা এবং অভিনয়ে ফেরার অভিজ্ঞতা তুলে ধরেন তানিয়া। তিনি জানান, বর্তমানে আগের তুলনায় শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখনো তার চিকিৎসা চলছে। কেমোথেরাপির আরও দুই মাসের কোর্স বাকি রয়েছে।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ঘরে থাকতে থাকতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। তাই চিকিৎসকদের কাছে অনুরোধ করে একটি নাটকে কাজ করার অনুমতি নেন।

তানিয়া বৃষ্টির অসুস্থতার শুরু গত বছরের ডিসেম্বরে। একটি নাটকের শুটিং চলাকালে হঠাৎ তীব্র মাথাব্যথা শুরু হয় তার। প্রথম কয়েক দিন ব্যথা নিয়েই কাজ চালিয়ে যান। পরে বমি শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে।

চিকিৎসার জন্য তাকে একাধিক অস্ত্রোপচার ও রেডিওথেরাপির মধ্য দিয়ে যেতে হয়েছে। সাক্ষাৎকারে তিনি জানান, চিকিৎসার এক পর্যায়ে লাইফ সাপোর্টেও থাকতে হয়েছিল তাকে। চেন্নাইয়ের চিকিৎসকেরা তার আয়ু নিয়েও শঙ্কা প্রকাশ করেছিলেন বলে জানান অভিনেত্রী।

দীর্ঘ বিরতির পর শুটিংয়ে প্রথম দিনটি তার জন্য ছিল আবেগঘন। পরিচালক, ক্যামেরাম্যান ও প্রযোজনা দলের সদস্যরা তার শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় রেখে সহযোগিতা করেছেন। তানিয়ার কাছে সহকর্মীরা পরিবারের মতো, আর শুটিংয়ের পরিবেশ মানসিক প্রশান্তির একটি বড় জায়গা।

জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের উদ্দেশে তানিয়া বলেন, রোগের নাম শুনেই মনোবল হারানো উচিত নয়। মানসিক দৃঢ়তা বজায় রাখার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ মেনে চলা, সঠিক খাদ্যাভ্যাস এবং পরিবারের সঙ্গে ইতিবাচক সময় কাটানো গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন