মেম্বার-চেয়ারম্যান নির্বাচিত করবে এমপি, আওয়াজ নয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:৫৪, ১ নভেম্বর ২০২৬

মেম্বার-চেয়ারম্যান নির্বাচিত করবে এমপি, আওয়াজ নয়

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী নির্ধারণ এবং নির্বাচিত করার দায়িত্ব সংসদ সদস্যের—এমন মন্তব্য করেছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

শনিবার দুপুরে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে মোবাশ্বের আলম ভূঁইয়াকে বলতে শোনা যায়, ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে সংসদ সদস্যের দায়িত্ব রয়েছে। তবে তিনি এককভাবে প্রার্থী মনোনয়ন দেবেন না। সংশ্লিষ্ট ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করেই প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

বক্তব্যে তিনি আরও বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহমদ সালেহ, যুবদল নেতা নাসির উদ্দিন, জেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি হামিদুল হক ভূঁইয়া, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিম উল্লাহ।

এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, দলের শৃঙ্খলা নষ্ট করে বিদ্রোহী প্রার্থী হওয়ার বিষয়ে যারা নেতাকর্মীদের উসকানি দিচ্ছেন, তাঁদের উদ্দেশ্যেই তিনি ওই বক্তব্য দিয়েছেন।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থনের বাইরে একাধিক প্রার্থী থাকলে সমর্থিত প্রার্থীর জয় কঠিন হয়ে পড়ে। এ কারণে নির্বাচনি এলাকার দুই উপজেলার প্রতিটি ইউনিয়নে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে দল-সমর্থিত প্রার্থী নির্ধারণ করা হবে। তবে এককভাবে কাউকে মনোনয়ন দেওয়ার কথা তিনি বলেননি বলে দাবি করেন এই সংসদ সদস্য।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন