আবিদ সরকার
প্রকাশ: ২১:৪৮, ১ নভেম্বর ২০২৬
জামালপুরের ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় পুতুল রাণী (৩২) নামে উপজেলা কৃষক লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) দুপুরে ইসলামপুর পৌর শহরের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পুতুল রাণী ইসলামপুর পৌর শহরের ইসলামপুর বাজারি পাড়া (কিংজাল্লা) এলাকার মৃত সাদাফলের মেয়ে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ইসলামপুর উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুতুল রাণী নিজেকে সাংবাদিক হিসেবেও পরিচয় দিতেন। তবে তিনি কোন সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে ফজলু মিয়া নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় পুতুল রাণী এজাহারভুক্ত আসামি। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুতুল রাণীকে আদালতে পাঠানো হয়েছে।