মক্তব শিক্ষা দলীয় প্রভাবমুক্ত করার নির্দেশ ধর্মমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:৪৮, ১ নভেম্বর ২০২৬

মক্তব শিক্ষা দলীয় প্রভাবমুক্ত করার নির্দেশ ধর্মমন্ত্রীর

ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে শিশুদের সঠিক ধর্মীয় ও নৈতিক শিক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

রোববার দুপুর আড়াইটায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড অব গভর্নরসের ২৩৭তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বোর্ড অব গভর্নরসের মাধ্যমে যে দায়িত্ব ও লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন, তা বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

মসজিদভিত্তিক মক্তব শিক্ষা কার্যক্রমের সূচনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিকল্পনায় শিশুদের সকালে কোরআন শিক্ষা, আদব-কায়দা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ শেখানোর উদ্দেশ্যে এ কার্যক্রম চালু হয়েছিল। তবে তাঁর অভিযোগ, গত ১৭ বছরে এ কার্যক্রমে রাজনৈতিক প্রভাব ও দলীয়করণ বেড়েছে। মক্তব শিক্ষাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে এর মূল উদ্দেশ্য ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন তিনি।

মন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় ১ লাখ ২০ হাজার প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে ধর্মীয় ও নৈতিক শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা এবং মক্তব শিক্ষা কার্যক্রম থেকে রাজনৈতিক প্রভাব দূর করার বিষয়ে একটি বিশেষ সংস্কার কমিটি গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

কওমি মাদ্রাসার শিক্ষক ও হাফেজদের ভূমিকার প্রশংসা করে ধর্মমন্ত্রী বলেন, নির্ভুলভাবে পবিত্র কোরআন হিফজ করানো ও শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তাঁদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন। পাশাপাশি তাঁদের অধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃত্বের সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, প্রশাসনিক অভিজ্ঞতা এবং রাজনৈতিক নেতৃত্বের যৌথ উদ্যোগে পরিকল্পিত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা গেলে দেশ ও জনগণের জন্য ইতিবাচক ফল অর্জন সম্ভব।

সভায় মক্তব শিক্ষা কার্যক্রমের তদারকি জোরদার, রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত এবং প্রধানমন্ত্রীর ঘোষিত লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্টদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেন, বর্তমান সরকার চলতি মেয়াদে দেশব্যাপী ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে। ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করা গেলে এ লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখতে পারবে।

সভায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও বোর্ড অব গভর্নরসের সদস্য সচিব মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকীসহ বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন