জেলা প্রতিনিধি নীলফামারী:
প্রকাশ: ২২:২১, ১ নভেম্বর ২০২৬
“দক্ষ যুব গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালি, যুব ঋণের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মোন্তাকিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, সাধারণ সম্পাদক মো. ফেরদৌস আলম এবং সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শিব্বির আহমেদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের যুবসমাজকে উন্নয়নের প্রধান শক্তিতে পরিণত করা সম্ভব।
বক্তারা যুবকদের প্রশিক্ষণ গ্রহণ, নিজেদের দক্ষতা কাজে লাগানো এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি যুব ঋণের যথাযথ ব্যবহারের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি ও তরুণদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে যুবকদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে স্থানীয় যুবক-যুবতী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।