লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : আব্দুল আহাদ
প্রকাশ: ২৩:১৬, ১ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে ধার নেওয়া মোটরসাইকেল ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলায় হোসেন মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে সাইফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। রোববার রাতে সদর উপজেলার কাজিরদিঘীর পাড় বাজারে এ ঘটনা ঘটে।
নিহত হোসেন মিয়া কাজিরদিঘীর পাড় এলাকার সুলতান আহমেদ ভূঁইয়ার ছেলে। তিনি ওই বাজারে দর্জির কাজ করতেন। তাঁর ছেলে সাইফুল ইসলাম একই বাজারে ওষুধের ফার্মেসি পরিচালনা করেন।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর দুপুরে সাইফুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি একই বাড়ির শাকিল হোসেন কিছুক্ষণের জন্য নিয়ে যান। পরে মোটরসাইকেলটি ফেরত দেওয়ার কথা বলেও টানা ১৩ দিন ধরে তা ফেরত দেননি তিনি।
রোববার সন্ধ্যার পর মোটরসাইকেলটি ফেরত আনতে বাবা হোসেন মিয়াকে সঙ্গে নিয়ে কয়েকজনকে সঙ্গে করে কাজিরদিঘীর পাড় বাজারে শাকিলের কাছে যান সাইফুল ইসলাম। এ সময় মোটরসাইকেল ফেরত দেওয়া নিয়ে শাকিল হোসেন নানা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হলে শাকিল হোসেন, বিপ্লবসহ কয়েকজন তাঁদের ওপর হামলা চালান। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোসেন মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফুল ইসলাম বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।