জিহাদুল ইসলাম, যাত্রাবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০০:০৬, ২ নভেম্বর ২০২৬
রাজধানীর কদমতলী থানার ৬১ নম্বর ওয়ার্ডে মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) ডিপটির গলিতে আয়োজিত এ সভায় স্থানীয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যুবসমাজকে মাদকের প্রভাব থেকে রক্ষার বিষয়ে আলোচনা হয়।
৬১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী জুম্মন মিয়া চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আখিউল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার মো. এহসান এবং কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান।
এ ছাড়া উপস্থিত ছিলেন ৬১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী শাহ আলম ও সদস্যসচিব হাজী মাসুদ আলীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।
বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে পুলিশ এবং সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। অপরাধ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর তাঁরা গুরুত্ব দেন। একই সঙ্গে তরুণদের খেলাধুলা ও গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে তানভীর আহমেদ রবিন বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেন। এলাকার শান্তি, সমৃদ্ধি ও নিরাপদ ভবিষ্যৎ কামনার মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।