সৌদি আরবের দাম্মামে হামলা, শিল্প কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩:১৭, ১ নভেম্বর ২০২৬

সৌদি আরবের দাম্মামে হামলা, শিল্প কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের একটি শিল্প কমপ্লেক্সে হামলার ঘটনা ঘটেছে। হামলার পরপরই কমপ্লেক্সটিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রবিবার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরনা জানায়, ইয়েমেন থেকে চালানো হামলায় সৌদি আরবের পূর্বাঞ্চলের দাম্মামের একটি শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। এতে স্থাপনাটিতে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে।

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি আরবের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটল। গত জুলাইয়ে ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে প্রায় প্রতিদিনই পাল্টাপাল্টি হামলা চলছে।

এর আগে গত বৃহস্পতিবার হুতিরা অভিযোগ করে, পশ্চিম ইয়েমেনের একটি আবাসিক এলাকায় সৌদি হামলায় ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। গোষ্ঠীটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, মাকবানা জেলার আল-বারাহ এলাকায় দুটি পরিবারের বাড়ি লক্ষ্য করে চালানো হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

তবে হুতিদের এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে, ইয়েমেনের বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর সমস্ত শত্রুতা ও নৃশংস কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার জন্য হুতি মিলিশিয়ার প্রতি কড়া আহ্বান জানিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট।

রবিবার জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সম্প্রতি নতুন সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিবৃতিতে তিনি বলেন, সন্ত্রাসী হুতি মিলিশিয়া কর্তৃক ব্যবহৃত সংবেদনশীল ও কৌশলগত সম্পদগুলো ধ্বংস বা নিষ্ক্রিয় করার লক্ষ্যে আমরা একটি সুনির্দিষ্ট সামরিক অভিযান চালিয়েছি।

মেজর জেনারেল তুর্কি আল-মালিকি আরও বলেন, সন্ত্রাসী হুতি মিলিশিয়ার যেকোনো বেপরোয়া আচরণ ও আক্রমণাত্মক প্রবণতা প্রতিহত করতে আমরা প্রয়োজনীয় সকল অপারেশনাল পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত রাখব। বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনার ওপর সমস্ত শত্রুভাবাপন্ন ও নৃশংস অপারেশন হুতিদের অবশ্যই বন্ধ করতে হবে।

সূত্র : ইরনা ও আল-জাজিরা।

আরও পড়ুন