মাহমুদুল হাসান, ময়মনসিংহ।
প্রকাশ: ২০:৫২, ১ নভেম্বর ২০২৬
রবিবার (১ নভেম্বর) উপজেলার বনগ্রামে আয়োজিত এ মানববন্ধনে সহস্রাধিক মানুষ অংশ নেন। কর্মসূচিতে নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, মামলা দায়েরের পরও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রভাবশালী আসামিরা মামলা তুলে নিতে নিহতের ছেলে ও মামলার বাদী নূর ইসলামকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি হত্যার পর মরদেহ গুম করার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করা হয়।
নূর ইসলামের অভিযোগ, পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে নান্দাইল মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ উল্টো মামলার ভয় দেখিয়ে তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দেয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, পূর্ববিরোধের জেরে কৃষক জনাব আলীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। এতে তাঁর হাত-পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে তাঁকে সেখানে ফেলে রেখে চলে যান অভিযুক্তরা। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
বক্তারা আরও অভিযোগ করেন, জনাব আলীর মৃত্যুর পর প্রভাবশালী মহলের চাপে সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়। এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে নিহতের স্বজনরা আদালতে মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের আবেদন করেছেন। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে বলে জানান তাঁরা। আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন ও ময়নাতদন্ত করা হলে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটিত হবে বলে আশা প্রকাশ করেন পরিবারের সদস্যরা।
মানববন্ধনে বক্তব্য দেন নিহতের স্ত্রী সখিনা বেগম, ছেলে নূর ইসলাম, সোহেল, স্থানীয় ইউপি সদস্য কবির মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তাঁরা দ্রুত আসামিদের গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।