গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬০৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩:০৯, ২ নভেম্বর ২০২৬

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬০৯

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬০৯ জনে দাঁড়িয়েছে। গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ১১ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগের হামলায় আহত আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে দুটি মরদেহ। 

এদিকে রোববারও গাজার বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনীর ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। তাদের মধ্যে চার বছর বয়সী এক শিশুও রয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন ফিলিস্তিনি পুলিশ সদস্য। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ফিলিস্তিনের স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, নিয়মিত দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ঘটনাটিকে ‘ভয়াবহ হত্যাযজ্ঞ’ আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে পুলিশ সদস্যদের হত্যা বন্ধে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত বছরের অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৭৫ জন পুলিশ ও নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। অন্যদিকে, দক্ষিণ গাজায় একজন ‘সন্ত্রাসীকে’ লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।

এদিকে উত্তর গাজার গাজা সিটির রিমাল এলাকায় পৃথক ড্রোন হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে চার বছর বয়সী একটি শিশুও রয়েছে। আল-শিফা হাসপাতালের সূত্র এ তথ্য জানিয়েছে। ওই হামলায় তাজ মল নামের একটি স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়। এ ছাড়া আগের এক হামলায় আহত আরেক ফিলিস্তিনি রোববার মারা গেছেন।

গাজা সিটি থেকে আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, গাজা উপত্যকায় এমন দিন খুঁজে পাওয়া কঠিন, যেদিন প্রাণঘাতী হামলার খবর আসে না। তিনি জানান, আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত বেসামরিক মানুষের নিরাপত্তায় টহলরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে পাঁচ পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন। এর প্রায় এক ঘণ্টা পর গাজা সিটির কেন্দ্রস্থলে রেভল্যুশন স্ট্রিটে হাঁটার সময় আরও তিনজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। তাঁদের মধ্যে একজন বাবা ও তার শিশুসন্তান ছিলেন।

আলজাজিরার ওই সাংবাদিকের ভাষ্য, এক বছরের বেশি সময় ধরে যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা বলা হলেও গাজায় ইসরায়েলি হামলা বন্ধ হয়নি। ফলে উপত্যকাটিতে সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৫৯৩ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৭৪৮ জন আহত হয়েছেন। এ সময়ে ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৮৪৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬০৯ জনে দাঁড়িয়েছে। এ সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৮৭২ জন।  

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন