‘৪২০’-এর তৃতীয় কিস্তি ‘১৬৮০’ নির্মাণের ইঙ্গিত ফারুকীর

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশ: ২৩:৪৮, ২ নভেম্বর ২০২৬

‘৪২০’-এর তৃতীয় কিস্তি ‘১৬৮০’ নির্মাণের ইঙ্গিত ফারুকীর

দেশের ইতিহাসে আলোচিত কমেডি ঘরানার ধারবাহিকের মধ্যে একটি মোস্তফা সরয়ার ফারুকীর ‘৪২০’। রাজনৈতিক বিদ্রুপধর্মী গল্প নিয়ে নির্মিত ২০০৭ সালে মুক্তি পাওয়া সেই ধারাবাহিক টেলিভিশন দর্শকের কাছে ব্যাপক সাড়া ফেলেছিল। 

এর ১৭ বছর পর, ২০২৪-এ সিক্যুয়েল ‘৮৪০’ নিয়ে আসেন নির্মাতা। এটিও বেশ জনপ্রিয়তা পায়। এবার নির্মাতা ইঙ্গিত দিলেন ধারাবাহিকটির তৃতীয় কিস্তি নির্মাণের। অর্থাৎ ‘৮৪০’-এর ডাবল আপ ‘১৬৮০’ নিয়ে পরিকল্পনা করছেন ফারুকী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘৪২০’-এর মুখ্য অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে একটি ছবি ভাগ করে নেন মোস্তফা সরয়ার ফারুকী। ছবিটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের অনুমান, শুটিং ফ্লোর থেকে অভিনেতার সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন নির্মাতা। খানিক রহস্য রেখে ফারুকী সেই পোস্টে লেখেন, ‘৪২০ হইছে। ৮৪০-ও ডান। টাইম ফর ১৬৮০? সম্মানিত গাইজ?’

ফারুকীর এই লেখায় স্পষ্ট, ‘৪২০’-এর তৃতীয় কিস্তি অর্থাৎ ‘৮৪০’-এর পর ‘১৬৮০’ দিয়ে মোশাররফ করিমের সঙ্গে ফিরছেন নির্মাতা। তবে আগের সিক্যুয়েল ‘৮৪০’ চলচ্চিত্র আকারে নির্মাণ করা হলেও এটি ঠিক কোন সংস্করণে আসবে তা স্পষ্ট করেননি ফারুকী। এ প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী গণমাধ্যমকে বলেন, ‘আমি ফেসবুকে যতটুকু লিখেছি, ওটাই। এর চেয়ে বেশি এখনই বলতে চাচ্ছি না।’

‘৪২০’ ধারাবাহিকের গল্প ছিল দুই চোরের ঢাকায় আসার পর রাজনীতির সঙ্গে জড়িয়ে যাওয়া নিয়ে। এতে অভিনয় করেছিলেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ, সোহেল খান, মারজুক রাসেল প্রমুখ।

আরও পড়ুন