মার্কস অলরাউন্ডারের মঞ্চে মেহজাবীন চৌধুরী

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩:৩৯, ২ নভেম্বর ২০২৬

মার্কস অলরাউন্ডারের মঞ্চে মেহজাবীন চৌধুরী

ছোটপর্দার জনপ্রিয়তা পেরিয়ে বড়পর্দা ও ওটিটিতেও নিজের অবস্থান শক্ত করছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বর্তমানে সিনেমা ও ওয়েব সিরিজের কাজেই বেশি মনোযোগী তিনি। অভিনয়ে ব্যস্ততা থাকলেও বিভিন্ন সময়ে উপস্থাপনা, বিচারক ও নানা আয়োজনের সঙ্গে যুক্ত হয়ে নিজের বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন অভিনেত্রী।

বাংলাদেশের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় রিয়েলিটি শো ‘মার্কস অলরাউন্ডার’-এর স্টুডিও রাউন্ডের প্রতিযোগীদের পারফরম্যান্স মূল্যায়নে বিচারকের আসনে দেখা যাবে মেহজাবীনকে। সোমবারের স্টুডিও রাউন্ডের শুটিংয়ে উপস্থিত ছিলেন এই তারকাশিল্পী।

স্টুডিও রাউন্ডে প্রতিযোগীদের পরিবেশনা উপভোগ ও মূল্যায়ন করেন মেহজাবীন। তার সঙ্গে ছিলেন অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। গত ৩০ অক্টোবর থেকে এনটিভিতে শুরু হয়েছে ‘মার্কস অলরাউন্ডার’-এর চূড়ান্ত পর্বের সম্প্রচার।

প্রতি শুক্র ও সোমবার রাত সাড়ে ৯টায় প্রচারিত হচ্ছে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের এই আয়োজন। অনুষ্ঠানটির প্রথম পর্ব উপস্থাপনা করছেন রাফসান সাবাব ও সুনেরাহ বিনতে মোস্তফা।

প্রায় এক বছর ধরে চলা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের প্রায় তিন লাখ শিশু-কিশোর। দেশজুড়ে ১০০টি আঞ্চলিক পর্বের মধ্য দিয়ে শুরু হওয়া প্রতিযোগিতাটি পরবর্তী সময়ে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের বাছাই পেরিয়ে পৌঁছেছে চূড়ান্ত পর্বে।

গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা ও উপস্থিত বক্তৃতাসহ সাতটি বিষয়ে নিজেদের প্রতিভা তুলে ধরছে প্রতিযোগীরা। বয়সভিত্তিক তিনটি গ্রুপ থেকে নির্বাচিত হবে তিনজন সেরা অলরাউন্ডার। প্রত্যেক বিজয়ী পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। সব মিলিয়ে বিভিন্ন গ্রুপের বিজয়ীদের জন্য থাকছে পদকসহ মোট এক কোটি টাকার শিক্ষাবৃত্তি।

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং সৃজনশীলতার প্রকাশ ঘটানোর লক্ষ্য নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। বিচারক হিসেবে তাহসান ও মেহজাবীনের উপস্থিতি আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলেছে বলে সংশ্লিষ্টদের অভিমত।

এদিকে বড়পর্দায় নতুন কাজ নিয়ে আলোচনায় রয়েছেন মেহজাবীন। ভিকি জাহেদ পরিচালিত ‘খলনায়ক’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে তাকে। আফরান নিশো ও তমা মির্জা অভিনীত এই সিনেমায় তার উপস্থিতি দর্শকের বাড়তি আনন্দ দেবে। 

সিনেমাটির শুটিং ঢাকা ও কলকাতায় সম্পন্ন হয়েছে। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার ও কলকাতার প্রিয়াংকা সরকার। এর আগে ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় নিজের জানান দিয়েছেন মেহজাবীন।

আরও পড়ুন