স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩:১৬, ২ নভেম্বর ২০২৬
বর্তমানে ইংল্যান্ডে বসবাস করা ৩৪ বছর বয়সি আমির ইতোমধ্যে ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন। সে কারণেই ড্রাফটের তালিকায় তার জাতীয়তা হিসেবে যুক্তরাজ্যের নাম উল্লেখ করা হয়েছে। যদিও বসবাসের দেশ হিসেবে দেখানো হয়েছে পাকিস্তানকে। অভিজ্ঞ বাঁহাতি এই পেসারকে রাখা হয়েছে ড্রাফটের সর্বোচ্চ ‘প্লাটিনাম’ ক্যাটাগরিতে।
ব্রিটিশ নাগরিক হিসেবে নিবন্ধিত হওয়ায় এপিএলে খেলতে আমিরের পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনাপত্তিপত্র বা এনওসি প্রয়োজন হচ্ছে না। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানি ক্রিকেটারদের এ টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ফখর জামান, সাইম আইয়ুব, হাসান আলী, শান মাসুদ, আবদুল্লাহ শফিক, ফাহিম আশরাফ ও ইমাদ ওয়াসিমসহ ৩০ জনের বেশি পাকিস্তানি ক্রিকেটার ড্রাফটে নাম দিয়েছেন। তবে তাদের এনওসি দেওয়ার বিষয়ে পিসিবির অবস্থান ইতিবাচক নয়।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বোর্ডের এক মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানি ক্রিকেটারদের অনুমতি পাওয়ার সম্ভাবনা খুবই কম। অন্যদিকে, ড্রাফট তালিকায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) স্পষ্ট করেছে, পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণ পিসিবির অনাপত্তিপত্র পাওয়ার ওপর নির্ভর করছে।
এবারের ড্রাফটে জায়গা পেয়েছেন ভারতীয় ক্রিকেটের সাবেক কয়েকজন খেলোয়াড়ও। আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর নেওয়া বিজয় শঙ্কর ও শ্রীকর ভরতের সঙ্গে আছেন লেগ স্পিনার মুরুগান অশ্বিন। তিনজনকেই রাখা হয়েছে ‘গোল্ড’ ক্যাটাগরিতে।
ভারতের হয়ে খেলা শ্রীকর ভরত অবশ্য সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা হিসেবে নিবন্ধন করেছেন। ৪৬২ জন ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় ভারতীয় বংশোদ্ভূত আরও কয়েকজনের নাম রয়েছে। তাদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের উন্মুক্ত চাঁদ, ওমানের অয়ন খান এবং সংযুক্ত আরব আমিরাতের রাহুল চোপড়া।
এদিকে ব্রিটিশ পাসপোর্ট থাকায় আগামী আইপিএলের মেগা বা মিনি নিলামেও আমিরের নাম দেখা যেতে পারে বলে আলোচনা শুরু হয়েছে। এর আগে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা থাকলেও ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত আইপিএলে খেলেছিলেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আজহার মাহমুদ। আমিরও একই পথে হাঁটেন কি না, সেটিই এখন দেখার বিষয়।
পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন আমির। জাতীয় দলের হয়ে তার সর্বশেষ ম্যাচ ছিল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে। চলতি বছরের শেষ দিকে মাঠে গড়ানোর কথা রয়েছে এপিএলের এবারের আসর।