১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোলসংখ্যা ৯৮৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:৪৯, ৩০ অক্টোবর ২০২৬

১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোলসংখ্যা ৯৮৫

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার আরও কাছে পৌঁছেছেন। বৃহস্পতিবার সৌদি প্রো লিগে আল খুলুদের বিপক্ষে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে আল নাসরকে ৫-৩ গোলের জয় এনে দেন তিনি। এ ম্যাচের পর ক্লাব ও জাতীয় দলের হয়ে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮৫। অর্থাৎ ঐতিহাসিক মাইলফলক থেকে আর মাত্র ১৫ গোল দূরে রয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

ম্যাচের ৬৬, ৭২ ও ৮১ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। তাঁর তিন গোলের আগে ম্যাচটি ২-২ সমতায় ছিল। শেষ পর্যন্ত তাঁর নৈপুণ্যেই জয় নিশ্চিত করে আল নাসর।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদো লেখেন, দলের অসাধারণ পারফরম্যান্সে তিনি আনন্দিত। হ্যাটট্রিক করে জয়ে অবদান রাখতে পেরেও সন্তুষ্টি প্রকাশ করেন পর্তুগিজ অধিনায়ক।

প্রতিবেদন অনুযায়ী, ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন রোনালদো। তাঁর গোলসংখ্যা ৯৮৫, আর দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসির গোল ৯৩৬টি। দুই তারকার গোলের ব্যবধান ৪৯।

ম্যাচে ১৬ মিনিটে ফরাসি ফরোয়ার্ড জুলিয়েন ডোমিঙ্গেসের গোলে এগিয়ে যায় আল খুলুদ। পরে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে সমতা ফেরায় আল নাসর। সাদিও মানের গোলে দলটি এগিয়ে গেলেও প্রথমার্ধের যোগ করা সময়ে আন্তোইন এসোম্বার গোলে আবার সমতায় ফেরে আল খুলুদ। এরপর দ্বিতীয়ার্ধে রোনালদোর তিন গোল ম্যাচের চিত্র বদলে দেয়।

আল নাসরের হয়ে এটি রোনালদোর সপ্তম হ্যাটট্রিক। সব মিলিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে তাঁর হ্যাটট্রিকের সংখ্যা ৬৭। এর মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪টি, পর্তুগালের হয়ে ১০টি, আল নাসরের হয়ে সাতটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের হয়ে তিনটি করে হ্যাটট্রিক রয়েছে।

ম্যাচে রোনালদোর আল নাসর ও পর্তুগাল সতীর্থ জোয়াও ফেলিক্স চারটি গোলে সহায়তা করেন। এ জয়ের ফলে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে আল নাসর।

আরও পড়ুন